রংপুরে সাপুড়ের মন্ত্র পড়া নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার ঘটনায় ৪ জন গ্রেফতার

রংপুরে সাপুড়ের মন্ত্র পড়া নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার ঘটনায় ৪ জন গ্রেফতার

রংপুর প্রতিনিধি: সাপখেলা চলাকালে সাপুড়ের মন্ত্র পড়াকে কেন্দ্র করে বিরোধের জেরে এন্দাজ মিয়া(৭৪) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামিসহ চারজনকে গ্রেফতার করেছে র‌্যাব। গত বুধবার রাতে মুন্সিগঞ্জ জেলার টংগিবাড়ী উপজেলার বালিগাঁও ও ইসলামপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- হত্যা মামলার প্রধান আসামি আশরাফুল ইসলাম, মাবু মিয়া, লেবু মিয়া ও এরশাদ আলী। তারা সকলে রংপুরের গঙ্গাচড়া উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়নের জয়রাম ওঝা গ্রামের নূর হোসেনের ছেলে।

র‌্যাব-১৩ সাংবাদিকদের কাছে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, গত ২৫ আগস্ট রাতে কাশিয়াবাড়ীর কমিউনিটি ক্লিনিক মাঠে সাপখেলা দেখাচ্ছিলেন সাপুড়ে এন্দাজ মিয়া। খেলার একপর্যায়ে সাপুড়ের মন্ত্র পড়াকে কেন্দ্র করে কয়েকজনের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে অভিযুক্ত চারজনসহ অজ্ঞাত কিছু ব্যক্তি সাপুড়েকে মারধর শুরু করে। এসময় এন্দাজ মিয়ার ছেলে আব্দুল মালেক সাপুড়েকে উদ্ধার করে ঘটনাস্থল থেকে সরিয়ে দেন। পরে অভিযুক্তরা আব্দুল মালেককেও মারধর শুরু করে। তার চিৎকার শুনে এন্দাজ মিয়া তার ছেলেকে উদ্ধার করতে গেলে তাকে আবার মারপিট করা হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের ছেলে বাদি হয়ে গত ২৬ আগস্ট গঙ্গাচড়া থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলা পর আসামিরা আত্মগোপনে চলে যায়। পরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩ সদস্যরা মুন্সিগঞ্জে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের গঙ্গাচড়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব জানায়।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/182380