খুলনায় দ্বিতীয় শ্রেণির শিশু ধর্ষণের মামলায় যুবকের যাবজ্জীবন
খুলনায় দ্বিতীয় শ্রেণির এক শিশুকে ধর্ষণের মামলায় সবুজ খাঁ নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত সবুজ খাঁ খুলনা নগরীর দৌলতপুর পালপাড়া কোপার বিল হাসানখান রোড এলাকার কেরামত আলীর ছেলে।
একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
গতকাল বুধবার (২ সেপ্টেম্বর) শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল, খুলনার বিচারক মুহাম্মদ আকরাম হোসেন এ রায় ঘোষণা করেন।
রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী ইকবাল মাহমুদ।
আদালত সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৭ জুলাই বিকেল পৌনে ৪টার দিকে মধ্যডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির এক শিশুশিক্ষার্থীকে মুরগি দেখানোর কথা বলে নিজের ঘরে নিয়ে যান সবুজ।
ঘটনার পরদিন শিশুটির মা বাদী হয়ে দৌলতপুর থানায় মামলা করেন। নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর (সংশোধিত ২০২০) ৯(১) ধারায় সবুজ খাঁকে আসামি করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা দিবস কুমার মৃধা তদন্ত শেষে ২০২৫ সালের ১৩ আগস্ট সবুজকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরে ২০২৬ সালের ১ এপ্রিল শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আকরাম হোসেন তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।
মামলার সাক্ষ্য-প্রমাণ ও নথিপত্র পর্যালোচনা শেষে আদালত বুধবার আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন। একইসঙ্গে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।