৫ রানে হ্যাটট্রিকসহ ৭ ইউকেট লঙ্কান অধিনায়কের
স্পোর্টস ডেস্ক : শুধু ব্যাট হাতে ঝড় তুলতে জানেন না চামিরা আতাপাত্তু, বল হাতে স্পিনবিষও ছড়াতে জানেন তিনি। দুবাইয়ে এমন স্পিনবিষ ছড়িয়েছেন তাতে ইন্দোনেশিয়ার মেয়েরা নীল হয়ে যান।
নারী এশিয়া কাপে শ্রীলঙ্কার ১২৫ রান তাড়া করতে নেমে যে ৪৯ রানে অলআউট হয় ইন্দোনেশিয়া। অল্প রানে অলআউট করে শ্রীলঙ্কার ৭৫ রানের জয়ে পুরো অবদান আতাপাত্তুর। শ্রীলঙ্কার অধিনায়ক একাই ৭ উইকেট নিয়েছেন। রান খরচ করেছেন মাত্র ৫।
নারী টি-টোয়েন্টি এশিয়া কাপের ইতিহাসে সেরা বোলিং। আগের রেকর্ডটি ছিল ওংপাকা লিংপ্রাসার্টের। ২০১৮ এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষেই ১২ রানে ৫ উইকেট নিয়েছিলেন থাইল্যান্ডের অফ স্পিনার। এর আগে নিলাক্ষশিখা সিলভার ৫০ রানের সৌজন্যে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১২৪ রানের সংগ্রহ পায় শ্রীলঙ্কা। টানা দুই জয়ের ৪ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষে শ্রীলঙ্কার মেয়েরা। এক ম্যাচ শেষে ২ পয়েন্ট নিয়ে বাংলাদেশ দুইয়ে। লঙ্কানদের পরের ম্যাচ ৬ সেপ্টেম্বর বাংলাদেশের মেয়েদের বিপক্ষে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/182326