বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে বাংলাদেশ পুলিশের চিঠি
সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বর্তমান অবস্থান জানতে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সহায়তা চেয়েছে বাংলাদেশ পুলিশ।
বুধবার (২ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তরের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) থেকে ই-মেইলের মাধ্যমে ইন্টারপোলের কাছে এ বিষয়ে তথ্য চাওয়া হয়।
পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খন্দকার রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বুধবার ইন্টারপোলকে ই-মেইল করে সাবেক আইজিপি বেনজীর আহমেদের অবস্থান সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। গণমাধ্যমে প্রকাশিত তথ্যের সত্যতা যাচাই করাও এর উদ্দেশ্য।
সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়, দুবাই থেকে কারামুক্ত হওয়ার পর গত ১৭ আগস্ট বেনজীর আহমেদ ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র সেন্ট লুসিয়ায় চলে গেছেন। দেশটিতে তার পাসপোর্ট ও যৌথ বিনিয়োগ রয়েছে বলেও এসব প্রতিবেদনে দাবি করা হয়েছে। গ্রোস আইসলেট এলাকায় তার একটি ফ্ল্যাট থাকার কথাও উল্লেখ করা হয়েছে।
প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৭ জুলাই দুবাইয়ের একটি আদালত থেকে জামিন পান বেনজীর। আইনি প্রক্রিয়া শেষে ৩০ জুলাই তিনি কারাগার থেকে মুক্তি পান। এর আগে বাংলাদেশ সরকারের পাঠানো প্রত্যর্পণসংক্রান্ত নথি নিয়ে আদালতে শুনানি হয়।
বেনজীরের অবস্থান নিয়ে গণমাধ্যমে ভিন্ন ভিন্ন তথ্য প্রকাশিত হওয়ার পর বিষয়টি নিশ্চিত করতে ইন্টারপোলের কাছে তথ্য চেয়েছে পুলিশ। আন্তর্জাতিক সংস্থাটির কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই তার বর্তমান অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/182312