ময়মনসিংহে দুই বাসের সংঘর্ষ: নিহত ৩, আহত ১০

ময়মনসিংহে দুই বাসের সংঘর্ষ: নিহত ৩, আহত ১০

ময়মনসিংহ নগরীর আলালপুর এলাকায় দুই বাসের সংঘর্ষে প্রাণ গেছে তিনজনের। বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।

নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন ফুলপুর উপজেলার সিংহেশ্বর গ্রামের মো. তোফাজ্জল হোসেন (৬০) ও হালুয়াঘাটের ধারা কচুয়া এলাকার মো. আব্দুর রাজ্জাক (৬০)। নিহত অপর পুরুষের পরিচয় এখনও জানা যায়নি।

পুলিশ জানায়, ঢাকা থেকে হালুয়াঘাটগামী ইমাম পরিবহনের একটি বাসের সঙ্গে হালুয়াঘাট থেকে ছেড়ে আসা শ্যামলী বাংলা পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। গুরুতর আহত কয়েকজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও দুজনের মৃত্যু হয়।

দুর্ঘটনায় আহত অন্তত ১০ জনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম জানান, দুর্ঘটনার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/182305