রংপুরের পীরগঞ্জে গর্ভের সন্তানসহ মায়ের মৃত্যু, তদন্ত কমিটি গঠন

রংপুরের পীরগঞ্জে গর্ভের সন্তানসহ মায়ের মৃত্যু, তদন্ত কমিটি গঠন

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জে আরবান প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রকল্পের আওতায় পীরগঞ্জ পৌরসভা পরিচালিত নগর মাতৃসদন কেন্দ্রে চিকিৎসার অবহেলা ও ভুল চিকিৎসায় গর্ভের সন্তানসহ শ্রাবণী আক্তার(১৯) নামের এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে।

এ ঘটনায় রংপুর সিভিল সার্জন অফিসে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হলে গত ৩০ আগস্ট তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

জানা যায়, গত ১৮ আগস্ট সন্তান প্রসবের উদ্দেশ্যে আরবান প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিসেস মাতৃসদন কেন্দ্রে ভর্তি হন শ্রাবণী বেগম। মাতৃসদন কর্তৃপক্ষের  চরম অবহেলায়, বিলম্বে ভুল চিকিৎসার অভিযোগ এনে নিহতের বাবা রিকশা চালক মতিয়ার রহমান রংপুরের সিভিল সার্জনের কাছে লিখিত অভিযোগ করেন।

অভিযোগের প্রেক্ষিতে সৃষ্ট ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে ডেপুটি সিভিল সার্জন ডা. ফিরোজ হাসান খানকে সভাপতি করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন  করা হয়। ওই কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের জুন মাস থেকে পীরগঞ্জ পৌরসভায় আরবান প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রকল্পের আওতায় নগর মাতৃসদন কেন্দ্রেটি পরিচালিত হয়ে আসছিল।

গত মাসের ১৮ তারিখে গর্ভের সন্তানসহ শ্রাবণীর মৃত্যুর পরদিন উত্তেজিত জনতার বিক্ষোভের মুখে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মাহমুদুল হাসান মাতৃসদন কেন্দ্রটির কার্যক্রম বন্ধ করে দেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/182286