ফরিদপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ আহত ১৫

ফরিদপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ আহত ১৫

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের পর যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের পুকুরে পড়ে যায়।

আজ বুধবার (২ সেপ্টেম্বর) সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের ডাংগী ইউনিয়নের ভবুকদিয়া বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ফরিদপুরের দিক থেকে আসা জে. আর পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ভাঙ্গার দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের পুকুরে পড়ে যায়। অন্যদিকে, দুর্ঘটনাকবলিত ট্রাকটি মহাসড়কের ওপর উল্টে যায়। পরে স্থানীয়রা গিয়ে বাসে থাকা যাত্রীদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

এদিকে দুর্ঘটনার ফলে ঢাকা-বরিশাল মহাসড়কের ওই অংশে কিছু সময়ের জন্য যানবাহন চলাচল ব্যাহত হয়। পরবর্তীতে হাইওয়ে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় দুর্ঘটনাকবলিত যানবাহন সরানো হলে যান চলাচল স্বাভাবিক হয়।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজে অংশ নেয়। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/182237