ভোলায় কোনো প্রতিহিংসার রাজনীতি হবে না: তথ্যমন্ত্রী
ভোলায় কোনো প্রতিহিংসার রাজনীতি হবে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।
আজ বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে নিজ নির্বাচনি এলাকা ভোলায় পৌঁছে শহরের নতুন বাজারে আয়োজিত এক পথসভায় এ কথা বলেন তিনি।
আন্দালিব রহমান পার্থ বলেন, ভোলার জন্য বরাদ্দকৃত সব কাজ শতভাগ স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করা হবে। জিআর ও টিআরের কাজ আপনারাই স্থানীয়ভাবে বুঝে নেবেন।
ভোলা-বরিশাল সেতু নির্মাণ ভোলাবাসীর দীর্ঘদিনের দাবি উল্লেখ করে তিনি বলেন, এই সেতু বাস্তবায়নে আমরা গুরুত্বের সঙ্গে কাজ করে যাচ্ছি। ভোলার সার্বিক উন্নয়নে দল-মত নির্বিশেষে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব, কারণ ভোলা আমাদের সবার।
এর আগে সড়কপথে বরিশালের লাহারহাট হয়ে নৌপথে ভোলার খেয়াঘাটে পৌঁছালে মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান জেলা প্রশাসক শামীম রহমান, পুলিশ সুপার শহীদুল্লাহ কাওসার, জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক আলহাজ গোলাম নবী আলমগীর, সদস্য সচিব রাইসুল আলম, জেলা বিজেপির সভাপতি আমিনুল ইসলাম রতন, সম্পাদক মোতাসিম বিল্লাহসহ বিএনপি ও বিজেপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
সফরসূচি অনুযায়ী, তিন দিনের এই সরকারি সফরের আগামী দুইদিন তিনি ভোলায় অবস্থান করবেন এবং এলাকার বিভিন্ন সরকারি অনুষ্ঠান ও দলীয় গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/182231