এবার লন্ডনে বসবে ব্যালন ডি’অরের রাজকীয় আসর
সাত দশকের ইতিহাসে প্রথমবারের মতো বড় পরিবর্তনের পথে হাঁটছে ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর। চিরাচরিত প্রথা ভেঙে এবার ফ্রান্সের প্যারিসের পরিবর্তে ইংল্যান্ডের রাজধানী লন্ডনে বসবে এই পুরস্কারের ৭০তম আসর। আগামী ২৬ অক্টোবর জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ২০২৬ সালের বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।
আয়োজক সূত্রে জানা গেছে, মূল অনুষ্ঠানের অপেক্ষা না থাকলেও আগামী ৮ সেপ্টেম্বর ফুটবলপ্রেমীদের কৌতূহল কিছুটা মিটবে। সেদিনই ব্যালন ডি’অরের অফিসিয়াল ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমে পুরুষ ও নারীসহ সব বিভাগের মনোনীতদের সংক্ষিপ্ত তালিকা বা ‘শর্টলিস্ট’ প্রকাশ করা হবে।
এবারের আসরে পুরুষ ও নারী–উভয় বিভাগে ৩০ জন করে ফুটবলার মনোনয়ন পাবেন। এ ছাড়া অনূর্ধ্ব-২১ সেরা খেলোয়াড় (কোপা ট্রফি), সেরা গোলকিপার (ইয়াশিন ট্রফি), সেরা কোচ ও ক্লাব অব দ্য ইয়ারসহ মোট ১২টি বিভাগে পুরস্কার প্রদান করা হবে।
২০১৯ সাল থেকে প্যারিসের থিয়েটার দ্য শাতেলেতে এই আয়োজন হয়ে আসলেও এবার বিশেষ কারণে ভেন্যু পরিবর্তন করা হয়েছে। ১৯৫৬ সালে ইতিহাসের প্রথম ব্যালন ডি’অর জিতেছিলেন ইংল্যান্ডের কিংবদন্তি স্যার স্ট্যানলি ম্যাথিউস। পুরস্কারটির ৭০তম আসর উপলক্ষে এই ইংলিশ কিংবদন্তিকে বিশেষ সম্মান জানাতেই আয়োজকরা লন্ডনের ভেন্যুকে বেছে নিয়েছেন।
পুরস্কারের বিজয়ী নির্ধারণে এবারও আন্তর্জাতিক সাংবাদিকদের ভোটিং প্রক্রিয়া কার্যকর থাকবে। পুরুষ বিভাগের জন্য ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ ১০০ দেশের এবং নারী বিভাগের জন্য শীর্ষ ৫০ দেশের একজন করে প্রতিনিধি ভোট দেওয়ার সুযোগ পাবেন। ভোটাররা সংক্ষিপ্ত তালিকা থেকে তাদের পছন্দের সেরা ১০ জনকে বেছে নেবেন। প্রথম পছন্দের খেলোয়াড় পাবেন ১৫ পয়েন্ট এবং দশম পছন্দের জন পাবেন ১ পয়েন্ট।
ব্যক্তিগত নৈপুণ্যের পাশাপাশি দলের সাফল্য এবং মাঠের ভেতর-বাইরের ক্রীড়াসুলভ আচরণ মূল্যায়নের মাপকাঠি হিসেবে কাজ করবে। সব মিলিয়ে ফুটবল বিশ্বের নজর এখন ২৬ অক্টোবরের সেই মাহেন্দ্রক্ষণের দিকে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/182225