যশোরে ভ্যানচালকের ঝুলন্ত লাশ উদ্ধার,

যশোরে ভ্যানচালকের ঝুলন্ত লাশ উদ্ধার,

যশোরের অভয়নগর উপজেলায় জাফর ইকবাল (৩৫) নামে এক ভ্যানচালকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। 

আজ বুধবার (২ সেপ্টেম্বর) সকালে উপজেলার একতারপুর গ্রামের শিকদারপাড়া এলাকা থেকে গলায় রশি পেঁচানো অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

 জাফর একতারপুর গ্রামের শিকদারপাড়া এলাকার মৃত আব্দুল ওহাব সরকারের ছেলে। 

জাফরের স্ত্রী বিলকিছ বেগম জানান, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় তুচ্ছ বিষয় নিয়ে স্বামীর সঙ্গে তার ঝগড়া হয়।

একপর্যায়ে রাগ করে জাফর ঘর থেকে বেরিয়ে যান। ওই রাতে তিনি আর বাড়িতে ফেরেননি।

বুধবার সকালে ঘরের দরজা খুলে বারান্দার আড়ার সঙ্গে গলায় রশি পেঁচানো অবস্থায় জাফরের লাশ ঝুলতে দেখেন বিলকিছ। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

জাফরের মা সেলিনা বেগম অভিযোগ করে বলেন, ‘আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হত্যার পর গলায় রশি পেঁচিয়ে লাশ ঝুলিয়ে রেখে আত্মহত্যার নাটক সাজানো হয়েছে। সুষ্ঠু তদন্ত দাবি জানাই।

অভয়নগর থানার ওসি (তদন্ত) শেখ লুৎফর রহমান বলেন, সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ যশোর মর্গে পাঠানো হয়েছে। হত্যা না আত্মহত্যা, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বলা সম্ভব হবে।

তিনি বলেন, পরিবারের নিরাপত্তা ও প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী বিলকিছ, মেয়ে ফাতেমা খাতুন (১৫) এবং বিলকিছের বড় বোন খাদিজা বেগমকে (৩৫) থানা হেফাজতে নেওয়া হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/182214