সুপারসনিক ক্রুজ মিসাইল তৈরিতে ইরানকে রাশিয়ার সহায়তা

সুপারসনিক ক্রুজ মিসাইল তৈরিতে ইরানকে রাশিয়ার সহায়তা

আন্তর্জাতিক ডেস্ক : ইরানকে সুপারসনিক ক্রুজ মিসাইল তৈরিতে সহায়তা করছে রাশিয়া। ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস বুধবার (২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, ২০২৩ সাল থেকে ইরানকে এক্ষেত্রে সহায়তা করছে রাশিয়া। যার অর্থ মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের বিমানবাহিনী রণতরী ও অন্যান্য যুদ্ধজাহাজে সহজে হামলা চালাতে পারবে তেহরান। সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, রাশিয়ার নথি, ট্রাভেল রেকর্ড এবং সামরিক পেটেন্ট-এর ভিত্তিতে তদন্ত করতে গিয়ে তারা এ তথ্য পেয়েছে।

ইরানকে সহায়তার এ পোগ্রামকে ‘রাশিয়ার থেকে ইরানের কাছে সামরিক প্রযুক্তি হস্তান্তরের অন্যতম প্রকাশ্য ও গুরুত্বপূর্ণ বিষয়’ হিসেবে অভিহিত করেছে ফিন্যান্সিয়াল টাইমস। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরান যে সুপারসনিক ক্রুজ মিসাইল তৈরি করছে এতে রাশিয়ার কিছু কর্মকর্তাও সরাসরি যুক্ত আছেন। এই মিসাইল তৈরিতে গুরুত্ব দেওয়া হচ্ছে রেমজ্যাট ইঞ্জিন ব্যবস্থাকে। এতে করে একটি ক্রুজ মিসাইল শব্দের চেয়ে কয়েকগুণ বেশি বেগে লক্ষ্যবস্তুর দিকে ছুটে যেতে পারবে। ইরান ইতিমধ্যে এ প্রযুক্তির মিসাইল তৈরি ও পরীক্ষা করেছে। তবে এ মিসাইল যুদ্ধে এখন পর্যন্ত ব্যবহারের কোনো প্রমাণ পাওয়া যায়নি।

ইরানের মিসাইল বিষয়ক বিশেষজ্ঞ ফাবিয়ান হিনজ বলেছেন, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্পর্শকাতর সামরিক প্রযুক্তি যা ইরান কয়েক দশক ধরে রাশিয়ার কাছ থেকে চাইছে। আর এটি পাওয়ার ক্ষেত্রে রাশিয়ার রাজনৈতিক অঙ্গনের উঁচুস্তর থেকে অনুমোদন আসতে হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। সূত্র : ফিন্যান্সিয়াল টাইমস

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/182201