বগুড়ার শেরপুরে চাকা মেরামতের সময় ট্রাক চাপায় নিহত ২
শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে চাকা মেরামতের সময় কাঠের জ্যাক মিস করে ট্রাক চাপায় ঘটনাস্থলেই ২ জন প্রাণ হারান ও ১জন গুরুতর আহত হন। নিহতরা হলেন-বগুড়া সদর উপজেলার ইসলামপুর হরিগাড়ী এলাকার মামুন হোসেন (৪০) ও হানজালা (৩৫)।
গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার মহিপুর বাজার ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। নিহতরা ওই ট্রাকের চালক ও হেলপার বলে নিশ্চিত হওয়া গেছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, একটি কাঠবোঝাই মিনি ট্রাকের পেছনের চাকা নষ্ট হয়ে গেলে ড্রাইভার হেলপার ও মেকানিক ঢাকা-মহাসড়কের ওপরেই গাড়িটি জ্যাক দিয়ে উঁচু করে মেরামতের কাজ করার একপর্যায়ে হঠাৎ-ই তা সরে যায়। এতে ট্রাকটির নিচে থাকা ৩ জন চাপা পড়ে ঘটনাস্থলেই ২ জনের মর্মান্তিক মৃত্যু ও ১জন গুরুতর আহত হন।
সংবাদ পেয়ে শেরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। পরে ফায়ার সার্ভিস কর্মীরা ২জনের মৃতদেহ ও ১জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দিলে কর্তব্যরত ডাক্তার ২জনকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আইয়ুব আলী জানান, দুর্ঘটনায় নিহতদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/182198