মেয়েদের বই কিনে দিতে খালি পায়ে শাড়ি পরে ম্যারাথনে এক মা
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মহারাষ্ট্রের বীদ জেলায় খালি পায়ে ও শাড়ি পরে ম্যারাথনে অংশ নিয়েছেন এক নারী। এমনকি সেই ম্যারাথনে প্রথম স্থানও অর্জন করেছেন তিনি। বিজয়ী হিসেবে পেয়েছেন তিন হাজার রুপি। তবে এই অর্থ নিজের জন্য নয়, কাজে লাগাবেন মেয়ের শিক্ষায়। তাদের কিনে দিবেন পাঠ্যবই।
রামাবাই রণবীর নামে এ নারী একটি শিক্ষাপ্রতিষ্ঠানে রাঁধুনি হিসেবে কাজ করেন। মুম্বাইয়ে তার স্বামী এক দুর্ঘটনায় নিহত হওয়ার পর মেয়েদের বড় করার দায়িত্ব তার কাঁধে এসেই পড়ে। আর্থিক অস্বচ্ছলতা থাকা সত্ত্বেও নিজের দুই মেয়ে যেন উচ্চশিক্ষায় শিক্ষিত হয় সে ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ তিনি। তিনি যেখানে রাঁধুনি হিসেবে কাজ করেন সেখানেই নিজের মেয়েকে পড়ালেখার জন্য ভর্তি করেছেন। তার কাজ হলো প্রতিদিনের খাবার তৈরি করা। অপরদিকে তার মেয়ে পরীক্ষার জন্য প্রস্তুতি নেয়।
সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে সোমবার (৩১ আগস্ট) জানায়, অম্রিত দাউদ নামে একটি স্থানীয় সংস্থা এ ম্যারাথনের আয়োজন করে। যেটির বিজয়ীর পুরস্কার ছিল তিন হাজার রুপি। ম্যারাথন সম্পর্কে জানতে পেরে এতে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন এই সংগ্রামী মা। অন্যান্যরা ট্র্যাকস্যুট এবং দৌড়ানোর অন্যান্য উপকরণ পরে দৌড়ালেও রামাবাই রণবীর শাড়ি পরেই এতে অংশ নেন। প্রথমে তার পায়ে সাধারণ পায়ে দেওয়ার স্লিপার জুতা ছিল। কিন্তু কষ্ট হওয়ায় স্লিপারগুলো হাতে নিয়েই খালি পায়ে দৌড়াতে থাকেন তিনি।
খালি পায়ে দৌড়ানোয় ঠান্ডা রাস্তা এবং পাথরের ওপর দিয়ে যেতে হয়েছে তাকে। অপরদিকে শাড়িও সামলে রাখতে হয়েছে তাকে। একটা সময় সবাইকে ছাড়িয়ে সবার আগে ম্যারাথন শেষ করেন তিনি। বিজয়ী হওয়ার পর নিজের বক্তব্যে এ নারী বলেন, অনেকেই এতে অংশ নিয়েছিল কিন্তু আমি জয়ী হওয়ার জন্য দৃঢ়প্রতিজ্ঞ ছিলাম। তিনি আরও বলেন, দৌড়ানোর সময় আমি আমার মেয়েদের ভবিষ্যত যেন দেখতে পাচ্ছিলাম। এ অর্থ দিয়ে আমি তাদের বই কিনে দেব।
তার মেয়ে পূজাও ম্যারাথনে অংশ নিয়েছিল এবং সে দ্বিতীয় স্থান অর্জন করেছে। পূজা বলেছেন, তিনি তার মাকে এতে অংশ নিতে উৎসাহ দেন। কিন্তু তার মা যে প্রথম স্থান অর্জন করবে সেটি কল্পনাও করেননি। সূত্র : ইন্ডিয়া টুডে
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/182193