জিয়াউর রহমান দেশে প্রথম উন্নয়নের রাজনীতি প্রতিষ্ঠা করেন: স্বরাষ্ট্রমন্ত্রী

জিয়াউর রহমান দেশে প্রথম উন্নয়নের রাজনীতি প্রতিষ্ঠা করেন: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে প্রথম বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। তিনি বিচার বিভাগের স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন। একই সঙ্গে তিনিই বাংলাদেশে প্রথম উন্নয়নের রাজনীতি প্রতিষ্ঠা করেন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিলেট জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশের ইতিহাসে শহীদ জিয়াউর রহমান একজন ক্ষণজন্মা পুরুষ। ১৯৭১ সালে বিএনপির প্রতিষ্ঠা না হলেও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের রাজনৈতিক ও ঐতিহাসিক ভূমিকার সূচনা হয়েছিল মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে। তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং তার আহ্বানে এ দেশের ছাত্র-জনতা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে দেশ স্বাধীন করে।

তিনি বলেন, ১৯৭৫ সালে দেশ যখন আবারও পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হওয়ার আশঙ্কার মুখে পড়েছিল, তখন ৭ নভেম্বর সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে মেজর জিয়াউর রহমান দেশকে সেই সংকট থেকে রক্ষা করেন।

পরবর্তীতে তিনি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, গণমাধ্যমের স্বাধীনতা ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি দেশের উন্নয়নের রাজনীতির সূচনা করেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, বিশ্ববিদ্যালয় জীবনে শহীদ জিয়াউর রহমানের হাত ধরেই তার রাজনীতিতে হাতেখড়ি হয়েছিল। জীবনের এই পর্যায়ে এসে তিনি গর্ববোধ করেন যে, বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়া তার জীবনের অন্যতম সঠিক সিদ্ধান্ত ছিল।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/182164