নীলফামারীতে বৃদ্ধের মুখে বিষ দিয়ে ও গলা কেটে হত্যার অভিযোগ
ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমারে মুখে বিষ দিয়ে ও গলা কেটে একরামুল হক(৬০) নামের এক বৃদ্ধকে হত্যার অভিযোগ উঠেছে। নিহত একরামুল হক উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের হলহলিয়া তেলিপাড়া গ্রামের ছকিউল ইসলামের ছেলে।
গতকাল সোমবার রাত ৩টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃদ্ধ একরামুল হকের মৃত্যু হয়। আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ডোমার থানার পরিদর্শক(তদন্ত) আজগর আলী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার রাতে একরামুল প্রকৃতির ডাকে সাড়া দিতে বাড়ির বাইরে গিয়ে আর ফেরেননি। পরে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।
গতকাল সোমবার ভোরে একরামুল হককে গলায় ধারালো অস্ত্রের আঘাত এবং মুখে বিষ ঢেলে দেওয়া অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তাকে উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রংপুরে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টায় তার মৃত্যু হয়।
ডোমার থানার পরিদর্শক(তদন্ত) আজগর আলী বলেন, তাদের মধ্যে আগে থেকেই জমিজমা সংক্রান্ত একটি বিরোধ চলে আসছিল। সেই বিরোধের জের ধরে হয়তো তার গলা কেটে সেখানে রেখে যাওয়া হয়েছিল। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/182146