বগুড়ার মোকামতলায় চাঞ্চল্যকর জোড়া খুনের সাড়ে তিন মাসেও আসামিরা অধরা
মোকামতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার নবগঠিত মোকামতলা উপজেলার লক্ষ্মীপুর গ্রামে জমির বিরোধের জেরে চাঞ্চল্যকর জোড়া খুনের ঘটনার সাড়ে তিন মাস পেরিয়ে গেলেও আসামিদের পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। মামলায় উল্লেখ করা ৬ আসামীর মধ্যেও দুইজন জামিনে আছেন। এদিকে মামলার ভবিষ্যৎ ও নিজেদের নিরাপত্তা নিয়ে চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন নিহতদের পরিবার।
হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিরা হলেন লক্ষীপুর গ্রামের মৃত মোফাজ্জলের ছেলে সুমন রানা (৩২) এবং জামিল হোসেনের ছেলে ইয়াসিন আলী (৩০) তারা সম্পর্কে আপন চাচাতো ভাই। মামলা ও স্থানীয় সূত্রে জানা যায় বাড়ির সীমানা নিয়ে সুমন রানার পরিবারের সাথে তার চাচা রেজাউল ইসলামের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত ১৮ মে সকালে পূর্ব শত্রুতার জেরে উভয় পরিবারের মধ্য প্রথমে কথা কাটাকাটি হয়।
এক পর্যায়ে রেজাউল ও তার লোকজন ইয়াসিন আলীকে বেদম মারধর ও ছুরিকাঘাত করে। তাকে বাঁচাতে চাচাতো ভাই সুমন রানা এগিয়ে এলে তাকেও একইভাবে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করা হয়। ঘটনাস্থলেই ইয়াসিন আলীর মৃত্যু হয়। এবং হাসপাতালে নেওয়ার পথে মারা যান সুমন রানা।
হত্যাকাণ্ডের দিনই পুলিশ রেজাউলের ছেলে আহাদকে (২৩) আটক করে। এই ঘটনায় নিহত পরিবারের পক্ষ থেকে শিবগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় মূল অভিযুক্ত চাচা রেজাউল (৪৫) তার দুই ছেলে আহাদ (২৩) ও রাব্বি হাসান (২৬) ছাড়াও অন্য চাচা মৃত: তোফাজ্জলের ছেলে আওলাদ হোসেন (৩৮) মৃত: আফজাল হোসেনের ছেলে জাহিদুল ইসলাম (৪৫) এবং আবু জাফর (৩৪) সহ কয়েকজন।
মামলা তদন্ত করে কর্মকর্তা এস আই আনসার আলী জানান মামলায় ৬ আসামীর মধ্যে জাহিদুল এবং আবু জাফর সংশ্লিষ্ট আদালত থেকে ছয় সপ্তাহের জন্য জামিনে আছেন। অপর আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশের পক্ষ থেকে তথ্য প্রযুক্তিসহ বিভিন্ন ধরনের চেষ্টা অব্যাহত রয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/182145