কুড়িগ্রামে শিক্ষার্থী ধর্ষণ চেষ্টা, শিক্ষক গ্রেফতার
নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি: নাগেশ্বরীতে শিক্ষার্থী ধর্ষণ চেষ্টার অভিযোগে আব্দুল মোতালেব নামে এক প্রাথমিক বিদ্যালয় শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার দিনগত রাতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোতালেব উপজেলার রামখানা ইউনিয়নের ভূঁইয়াটারী এলাকার রইচ উদ্দিন ভুইয়ার ছেলে ও দক্ষিণ রামখানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত।
পরিবার ও এলাকাবাসী জানায়, ভুক্তভোগী ওই শিক্ষার্থী দক্ষিণ রামখানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ালেখা করে। গতকাল সোমবার বিরতীর সময় বিদ্যালয়ের ওয়াশরুমে যায় সে। এসময় সুযোগ বুঝে ওই শিক্ষক ওয়াশরুমে ঢুকে জোরপূর্বক শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা চালায়। ধস্তাধস্তির একপর্যায়ে ওই শিক্ষার্থী দৌড়ে বাইরে বের হয়ে আসে। পরে বাড়ি ফিরে পরিবারকে বিষয়টি জানায়।
ওইদিন রাত ১০টার দিকে শিক্ষার্থীর বাড়িতে গিয়ে বিষয়টি সমঝোতার চেষ্টা চালায় এলাকার কাজী মোশারফ হোসেন ও প্রধান শিক্ষক নূর ইসলাম মিয়া। ততক্ষণে বিষয়টি প্রশাসন পর্যন্ত জানাজানি হয়ে যায়। পরে নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ এনামুল হক প্রধান রাত দেড়টার দিকে তার টিম নিয়ে শিক্ষকের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যান।
ছাত্রীসহ তার বাবা-মাকেও জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে শিক্ষক আব্দুল মোতালেবকে আসামি করে ধর্ষণ চেষ্টা মামলা করেন শিক্ষার্থীর বাবা।
তিনি জানান, এর আগেও তার মেয়ের দিকে কু-নজরে তাকান ওই শিক্ষক। বিষয়টি বাড়িতে গিয়ে সে তার মাকে জানায়। পরে তার মা প্রধান শিক্ষককে বিষয়টি অবগত করলেও তিনি কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। প্রধান শিক্ষক নূর ইসলাম মিয়া বিষয়টি অস্বীকার করে জানান, তিনি এ বিষয়ে কিছুই জানেন না। কাজী মোশারফ হোসেন জানান, ঘটনার কিছুই জানা নেই। পরে কথা বলব।
নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ এনামুল হক প্রধান বলেন, অভিযোগ দায়ের করা হয়েছে। ভিকটিম আমাদের হেফাজতে আছে। আসামিও গ্রেফতার রয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/182144