বগুড়ায় নারী মাদক কারবারির জামিন নামঞ্জুর

বগুড়ায় নারী মাদক কারবারির জামিন নামঞ্জুর

কোর্ট রিপোর্টারঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় বগুড়ায় চারশ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতারকৃত নারী মাদক কারবারী সরিফা বিবি (৩৪) এর জামিনের আবেদন বগুড়ার দায়রা জজ আদালতে নামঞ্জুর করা হয়েছে। সে দুপচাঁচিয়া তালুচ পশ্চিম পাড়ার মফিজ উদ্দিনের মেয়ে। আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভারপ্রাপ্ত দায়রা জজ গোলাম মাহফুজ হাজতি ওই আসামির জামিনের আবেদন শুনানীশেষে নামঞ্জুর করেন।

উল্লেখ্য, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের ’ক’ সার্কেলের পরিদর্শক সামসুল আলম গোপন সুত্রে সংবাদ পেয়ে তার বিভাগীয় স্টাফদের সঙ্গে নিয়ে গত ১ আগস্ট বেলা আড়াইটার দিকে আক্কেলপুর দুপচাঁচিয়া সড়কের জিয়ানগর বালিকা উচ্চবিদ্যালয়ের সামনের সড়কে বগুড়াগামী বিসমিল্লাহ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালায়।

তল্লাশিকালে আসামি সরিফা বিবিকে গ্রেফতার করে তার কাছ থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ জব্দ করেন। পরে জব্দকৃত  ইয়াবাসহ ধৃত আসামিকে দুপচাঁচিয়া থানায় সোপর্দ করে পরিদর্শক সামসুল আলম বাদি হয়ে  মামলা দায়ের করেন। মামলাটি পরিচালনা করেন বাদি রাষ্ট্র পক্ষে অতিরিক্ত পিপি এড. টি এম তারিকুল ইসলাম সাচ্চু এবং আসামি পক্ষে এড. আব্দুর রশীদ (১)।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/182143