কে পাচ্ছেন মেসির ১০ নম্বর জার্সি?

কে পাচ্ছেন মেসির ১০ নম্বর জার্সি?
ফুটবল জগতের উজ্জ্বল নক্ষত্র লিওনেল মেসি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। তার বিদায়ের পর বড় একটি প্রশ্ন সামনে এসেছে। আর্জেন্টিনার ঐতিহ্যবাহী ১০ নম্বর জার্সির পরবর্তী মালিক কে হবেন?
 
২০০৯ সালের ২৮ মার্চ, মেসি প্রথমবার আর্জেন্টিনার হয়ে ১০ নম্বর জার্সি পরেছিলেন। ডিয়েগো ম্যারাডোনার অধীনে ভেনেজুয়েলার বিপক্ষে সেই ম্যাচে ৪-০ গোলে জিতেছিল আর্জেন্টিনা। এরপর থেকে জাতীয় দলে উপস্থিত থাকলে ১০ নম্বর জার্সিটি মেসির জন্যই বরাদ্দ থাকত।
তার অনুপস্থিতিতে অবশ্য কয়েকজন এই জার্সি পরেছেন। সর্বশেষ ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে ইকুয়েডরের বিপক্ষে ১০ নম্বর পরে মাঠে নেমেছিলেন ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে জার্সিটি পরেছিলেন আনহেল কোরেয়া। এর আগে, চিলির বিপক্ষে ১০ নম্বর পরে গোলও করেছিলেন পাওলো দিবালা। তবে, তাদের কেউই সর্বশেষ বিশ্বকাপের দলে ছিলেন না।
 
লিওনেল স্কালোনির বর্তমান দলের নিয়মিত সদস্যদের মধ্যে কয়েকজন নিজ নিজ ক্লাবে ১০ নম্বর জার্সি পরেন। ইন্টার মিলানে লাওতারো মার্তিনেজ, লিভারপুলে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার এবং কোমোতে নিকো পাজের গায়ে দেখা যায় এই নম্বরের জার্সি। রদ্রিগো ডি পল, লিয়ান্দ্রো পারেদেস, থিয়াগো আলমাদা, জিওভানি লো সেলসো ও নিকোলাস গঞ্জালেসও ক্যারিয়ারের বিভিন্ন সময়ে ক্লাব ফুটবলে ১০ নম্বর জার্সি পরেছেন। 
 
এ জার্সির ক্ষেত্রে মাস্তানতুয়োনো ও নিকো পাজের মতো তরুণদের পাশাপাশি লাওতারো, ম্যাক অ্যালিস্টার ও দিবালার নাম আলোচনায় থাকার সম্ভাবনা রয়েছে। তবে, চূড়ান্ত সিদ্ধান্ত জানতে অপেক্ষা করতে হবে আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ পর্যন্ত।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/182125