বগুড়ায় এনসিপি’র বহিস্কৃত নেতা গাজী সালাউদ্দিন তানভীরের জামিন নামঞ্জুর
কোর্ট রিপোর্টার : প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মানহানিকর তথ্য পোস্ট দেওয়ার অভিযোগ সাইবার সুরক্ষা আইনসহ দন্ডবিধি আইনে দায়েরকৃত মামলায় গ্রেফতারকৃত হাজতি আসামি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি’র) বহিস্কৃত যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীর (৪২) এর জামিনের আবেদন দায়রা জজ আদালতে নামঞ্জুর করা হয়েছে। গতকাল মঙ্গলবার বগুড়ার ভারপ্রাপ্ত দায়রা জজ গোলাম মাহফুজ ওই আসামির জামিনের আবেদন শুনানীশেষে নামঞ্জুর করেন।
তানভীর বগুড়ার সোনাতলা পৌর এলাকার নতুন বাজারের আলী আকন্দের ছেলে। উল্লেখ্য, বগুড়া সদর উপজেলার বিএনপি’র সভাপতি মাফতুন আহমেদ খান কর্তৃক বগুড়া সদর থানায় ওই আসামির বিরুদ্ধে দায়েরকৃত মামলায় উল্লেখ করা হয় যে, তিনি (এজাহারকারি বাদী) গত ২৯ জুলাই বিকেল ৩ টার দিকে বগুড়া জেলা বিএনপির কার্যালয়ে অবস্থানকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোষ্ট দেখতে পান যে, এনসিপি’র যুগ্ম সদস্য সচিব (বর্তমানে বহিস্কৃত) গাজী সালাউদ্দিন তানভীর তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্যে করে মানহানিকর ও উস্কানিমুলক মন্তব্য পোস্ট করেছেন।
এ ঘটনায় মামলা দায়ের করেন সদর উপজেলা বিএনপি’র সভাপতি মাফতুন আহমেদ খান। পরে পুলিশ ঢাকার মিরপুর মনিপুরি পাড়ার একটি বাড়ি থেকে গত ৫ আগস্ট ভোরে গাজী সালাউদ্দিন তানভীরকে গ্রেফতার করে ওই দিন দুপুরে বগুড়ার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করে। আদালত আসামিকে হাজতি পরোয়ানা মুলে কারাগারে প্রেরন করার আদেশ দেন।
পরে তাকে তিন দিনের পুলিশ রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার পর পুনরায় গত ১৩ আগস্ট আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়। এরপর গতকাল আদালতে তার জামিনের আবেদন করা হলে বিচারক শুনানীশেষে তার জামিনের আবেদন না মুঞ্জুর করেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/182114