ভাইরাল বক্তব্যটি ভিত্তিহীন এবং পরিকল্পিত গুজব: পপি
বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার এক সময়ের দাপুটে নায়িকা সাদিকা পারভীন পপি। কিন্তু সেই রঙিন দুনিয়া থেকে এখন তিনি বহুদূরে। সংসার জীবন নিয়েই ব্যস্ত সময় পার করছেন তিনি।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে পপির নামে একটি চাঞ্চল্যকর উক্তি ভাইরাল হয়েছে।
উক্তিটি ছড়িয়ে পড়ার পর বিনোদন অঙ্গনসহ সাধারণ নেটিজেনদের মধ্যে তুমুল তোলপাড় সৃষ্টি হয়।
বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন পপি। সেখান থেকেই পপি বলেন, ‘ভাইরাল বক্তব্যটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং একটি পরিকল্পিত গুজব। যারা বক্তব্যটি আমার ভেবে মন্তব্য করছেন, কষ্ট পেয়েছেন তাদের উদ্দেশ্য বলতে চাই, ভাইরাল বক্তব্যটি আমার হলে এতক্ষণে ভিডিও বা অডিও ক্লিপ ছড়িয়ে যেত। যে কথা আমি বলিনি সেটা কীভাবে ছড়াবে!’
‘বস্তির রানী সুরিয়া’ সিনেমার এই নায়িকা আরও বলেন, ‘আমার নাম ও ছবি ব্যবহার করে কিছু ক্লিকবাইট পেজ এবং ভুঁইফোড় পোর্টাল এ ধরনের বানোয়াট উক্তি তৈরি করেছে, যা পরবর্তীতে সত্যতা যাচাই না করেই সাধারণ মানুষ শেয়ার করেছে। আমার ভক্ত এবং সহকর্মীবৃন্দ, আপনাদের প্রতি আমার বিনীত অনুরোধ অনুগ্রহ করে কোনো ধরনের গুজবে বিভ্রান্ত হবেন না। যেকোনো তথ্যের সত্যতা যাচাই না করে বিশ্বাস করবেন না।’
১৯৯৫ সালে লাক্স আনন্দ বিচিত্রা ফটো সুন্দরী প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে পপির মিডিয়ায় পথচলা শুরু। এরপর প্রয়াত পরিচালক শহীদুল হক খানের পরিচালনায় প্যাকেজ নাটক ‘নায়ক’-এ চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের বিপরীতে অভিনয় করেন তিনি। ১৯৯৭ সালে মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘কুলি’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার।
প্রায় তিন দশকের ক্যারিয়ারে অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের কাছে জনপ্রিয়তা অর্জন করেন তিনি। বাণিজ্যিক সিনেমার পাশাপাশি ভিন্নধর্মী ও প্রশংসিত চলচ্চিত্রেও নিজের অভিনয় প্রতিভার স্বাক্ষর রেখেছেন এই অভিনেত্রী। অভিনয়ের স্বীকৃতি হিসেবে অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
তবে ক্যারিয়ারের সফল সময়ের পর ধীরে ধীরে নিজেকে আড়ালে নিয়ে যান পপি। ২০২১ সালের শুরু থেকেই মিডিয়াসংশ্লিষ্টদের সঙ্গে তার যোগাযোগ অনেকটাই বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর থেকেই তাকে ঘিরে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে।
পপির বিয়ে ও সংসারজীবন নিয়েও দীর্ঘদিন ধরে নানা আলোচনা ছিল। পরে জানা যায়, তিনি বিয়ে করে সংসারী হয়েছেন এবং এক পুত্রসন্তানের মা হয়েছেন। তার ছেলের নাম আয়াত।