পাকিস্তান দলে গণছাঁটাই ‘ইতিহাসের সবচেয়ে মর্মান্তিক সিদ্ধান্ত’: আফ্রিদি
স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজের মাঝপথে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) একযোগে একাধিক খেলোয়াড় ও কোচিং স্টাফ ছাঁটাইয়ের সিদ্ধান্তকে ‘নির্বাচক কমিটির ইতিহাসের সবচেয়ে মর্মান্তিক সিদ্ধান্ত’ বলে অভিহিত করেছেন দেশটির সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি।
প্রথম দুই টেস্টে শোচনীয় হারের পর একাদশ ও কোচিং স্টাফে এত বড় রদবদল নিয়ে ক্রিকেট বিশ্বে তীব্র সমালোচনা হচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানিয়ে আফ্রিদি লেখেন, ‘এই সিদ্ধান্তের পেছনের যুক্তি বা কারণ কী, তা আমার মাথায় আসছে না! এমনকি যাদের দলে নেওয়া হয়েছে তাও কোনো অর্থ বহন করে না; ইংল্যান্ডের মাটিতে টেস্ট ম্যাচের জন্য টি-টোয়েন্টি খেলোয়াড়দের নেওয়া হলো? এটি কেমন চিন্তাভাবনা ও পদ্ধতি? মাত্র পাঁচটি টেস্টের পর কোচকে কেন বরখাস্ত করা হলো? অনেক অভিজ্ঞ নির্বাচক থাকা সত্ত্বেও এটি একটি নির্বাচক কমিটির নেওয়া ইতিহাসের সবচেয়ে মর্মান্তিক সিদ্ধান্ত।
সিরিজ চলাকালীন দল থেকে বাদ পড়া সাতজন খেলোয়াড়ের মধ্যে মোহাম্মদ রিজওয়ান, ইমাম-উল-হক, সালমান আলী আগা, আলী উসমান ও খুররম শাহজাদ ইতোমধ্যে টেস্টে খেলেছেন। আর আমির জামাল ও মোহাম্মদ ওয়াইস জাফরকে কোনো ম্যাচ না খেলিয়েই দেশে ফেরত পাঠানো হয়েছে।
বাকি পাঁচজন তথা আরাফাত মিনহাস, মোহাম্মদ ইমরান জুনিয়র, সাদ বেগ, মোহাম্মদ ইমরান ও রেজাউল্লাহ একেবারেই নতুন (আনক্যাপড) মুখ।
পিসিবির এই অচলাবস্থা নিয়ে পিসিবির সাবেক চেয়ারম্যান ও অধিনায়ক রামিজ রাজাও হতাশা প্রকাশ করে বলেন, ‘আমি নিজেকে বোঝানোর চেষ্টা করছি যে সবকিছু ঠিক আছে, কিন্তু আসলে তা নয়। এটি পরিষ্কার প্রমাণ করে যে পাকিস্তান ক্রিকেট চরম আতঙ্কে ভুগছে এবং প্যানিক বাটন চেপে বসেছে।’
ইংল্যান্ড সফরে মাঠের পারফরম্যান্স ও প্রশাসনিক বিশৃঙ্খলা ছাড়াও অন্যান্য বিতর্ক তৈরি হয়েছে। এর আগে দ্বিতীয় টেস্ট চলাকালীন ইমরান খানের ছেলেদের একটি সাক্ষাৎকার স্কাই স্পোর্টসে সম্প্রচার করায় টেস্ট ও পুরো সফর বাতিলের হুমকি দিয়েছিল পিসিবি।
যদিও অধিনায়ক বাবর আজম ও বিদায়ী কোচ সরফরাজ আহমেদ ম্যাচ বয়কটের বিষয়ে কিছু জানা থাকার কথা অস্বীকার করেন এবং পরবর্তীতে খেলা সম্পন্ন হয়। এই সব নাটকীয়তার মাঝেই পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী চলতি সপ্তাহে ক্ল্যারেন্স হাউসে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে পাকিস্তান দলের সাক্ষাৎ করার কথা রয়েছে।