শ্রীমঙ্গলে চা পাতা তুলতে গিয়ে নারী শ্রমিকের মৃত্যু
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা পাতা তুলতে গিয়ে ড্রেনে পড়ে মীরা হাজরা (৪০) নামে এক নারী চা শ্রমিকের মৃত্যু হয়েছে।
গতকাল সোমবার (৩১ আগস্ট) রাতে ভাড়াউড়া চা বাগানের ২৯ নম্বর সেকশনের একটি গভীর ড্রেন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
জানা যায়, মীরা হাজরা প্রতিদিনের মতো সোমবার সকাল ৯টার দিকে চা পাতা তুলতে বাড়ি থেকে বের হন। রাতে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্য ও সহকর্মীরা তাকে খুঁজতে বের হন। পরে ড্রেনের ভেতর তার মরদেহ পাওয়া যায়। এ সময় পাশে চা পাতা বহনের বড় পুটলিও পাওয়া যায়।
শ্রীমঙ্গল থানার ডিউটি অফিসার সফিকুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চা পাতা তোলার একপর্যায়ে গভীর ড্রেন লাফ দিয়ে পার হওয়ার সময় অসাবধানতাবশত মীরা হাজরা ড্রেনে পড়ে যান। এ সময় তার মাথায় থাকা আনুমানিক ২৫-৩০ কেজি চা পাতার নিচে তিনি চাপা পড়েন। মাথায় আঘাত পেয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলে পুলিশ জানিয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/182066