ভারতের উত্তরপ্রদেশে আতশবাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ১১
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তরপ্রদেশের কৌশাম্বী জেলায় আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও পাঁচজন। বিস্ফোরণের তীব্রতায় কারখানার পাশাপাশি আশপাশের পাঁচ থেকে ছয়টি বাড়ি ধসে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করছে পুলিশ।
সোমবার (৩১ আগস্ট) দুপুরে জেলার মানৌরি গ্রামের পিপরি থানার আওতাধীন মানৌরি পাওয়ার হাউসের কাছে এ বিস্ফোরণ ঘটে।
জেলা ম্যাজিস্ট্রেট (ডিএম) অমিত পাল জানান, বিস্ফোরণের পর আহত ১১ জনকে প্রয়াগরাজের এসআরএন হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। গুরুতর আহত আরও পাঁচজন একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বিস্ফোরণে কারখানাটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং পাশের পাঁচ থেকে ছয়টি বাড়ি ধসে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আসার পরপরই উদ্ধার অভিযান শুরু করা হয়।
ঘটনার কারণে কাছ দিয়ে যাওয়া দিল্লি-হাওড়া রেলপথে প্রায় এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। বিস্ফোরণস্থলের কাছে পৌঁছে যাওয়া আজমের-শিয়ালদহ এক্সপ্রেসকে মানৌরি রেলস্টেশনে ফিরিয়ে নেওয়া হয়। আর দিল্লি থেকে বারাণসীগামী বন্দে ভারত এক্সপ্রেসকে ঘটনাস্থলের আগের স্টেশন সৈয়দ সরাওয়ান রেলস্টেশনে থামিয়ে রাখা হয়। উদ্ধারকাজের পাশাপাশি পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/182012