বগুড়ার সাতমাথায় অটোরিকশা চালকদের সড়ক অবরোধে জনদুর্ভোগ, যানজট নিয়ন্ত্রণে বাঁশের বেড়া

বগুড়ার সাতমাথায় অটোরিকশা চালকদের সড়ক অবরোধে জনদুর্ভোগ, যানজট নিয়ন্ত্রণে বাঁশের বেড়া

শহর প্রতিনিধি : সিটি করপোরেশনের স্বেচ্ছাসেবকদের বিরুদ্ধে চাঁদা আদায় এবং ইয়াকুবিয়া স্কুলের মোড়ে বাঁশের বেড়া দেওয়ায় অটোরিকশাচালকরা আজ সোমবার (৩১ আগস্ট) দুপুরের পর নগরীর জিরো পয়েন্ট সাতমাথার কাজী নজরুল ইসলাম সড়কের মুখে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন।

অন্যদিকে, যানজট নিয়ন্ত্রণে শেরপুর সড়কের ইয়াকুবিয়া স্কুলের কাছে বাঁশের বেড়া দিয়েছে ট্রাফিক পুলিশ বিভাগ। আজ সোমবার (৩১ আগস্ট) সকাল থেকে নগরীর যানজট নিরসনে ব্যাটারিচালিত থ্রি-হুইলার অটোরিকশাকে সাতমাথায় প্রবেশ ঠেকাতে এই উদ্যোগ নেওয়া হয় বলে জানা যায়।

এদিকে, সিটি করপোরেশনের নিয়োগকৃত স্বেচ্ছাসেবকদের বিরুদ্ধে চাঁদা আদায় ও ইয়াকুবিয়া স্কুলের মোড়ে বাঁশের বেড়া দেওয়ায় অটোরিকশাচালকরা দুপুরের পর কিছু সময়ের জন্য সাতমাথা বীরশ্রেষ্ঠ চত্বরের পূর্বপাশের কাজী নজরুল ইসলাম সড়কের মুখে বিক্ষোভ করে সড়ক অবরোধ করেন।

এ সময় নগরীর এই সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। ভাদ্রের ভ্যাপসা গরমে সাময়িক সড়ক অবরোধের কারণে ভোগান্তিতে পড়েন পথচারীসহ নগরীর বাসিন্দারা। কয়েকজন অটোচালকের সাথে কথা বলে জানা যায়, সিটি করপোরেশনের নিয়োগকৃত স্বেচ্ছাসেবকরা ২ নম্বর রেলঘুমটি থেকে মাটিডালি সড়কের রুটে তাদের কাছ থেকে চাঁদা নেয়। তার সাথে সকাল থেকে ইয়াকুবিয়া স্কুলের মোড়ে বাঁশের বেড়া দিয়ে তাদের চলাচল শহরে সীমিত করা হয়েছে। এজন্য তারা সড়ক অবরোধ করেছেন।

এই বিষয়ে খোঁজ নিয়ে জানা যায়, মাটিডালীতে মামুন নামের এক ব্যক্তি সিরিয়াল বজায় রাখতে অটোচালকদের কাছ থেকে গাড়ি প্রতি ১০ টাকা করে চাঁদা নেন, তিনি সিটি করপোরেশনের নিয়োগকৃত স্বেচ্ছাসেবক নন। প্রশাসনের পক্ষ থেকে তাকে সতর্ক করে অটোরিকশা চলাচল নির্বিঘ্ন করা হলে তিনি মূলত অটোচালকদের একটি অংশকে সাথে নিয়ে সিটি করপোরেশনের নিয়োগকৃত স্বেচ্ছাসেবকদের বিরুদ্ধে অভিযোগ দিয়ে অবরোধ সৃষ্টি করেন।

ট্রাফিক ইন্সপেক্টর খালেকুজ্জামানের হস্তক্ষেপে সিটি প্রশাসকের কার্যালয়ে বিষয়টির সুরাহা হয় এবং ইয়াকুবিয়া স্কুলের মোড়ে বাঁশের বেড়া থাকলেও তার অবস্থান শিথিল করা হয়। বিষয়টি নিয়ে এই পুলিশ কর্মকর্তা জানান, সিটি করপোরেশনের নিয়োগকৃত স্বেচ্ছাসেবকদের চাঁদা নেওয়ার কোনো তথ্য-প্রমাণ তারা দিতে পারেননি।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/181994