নজরুলের সাহিত্যকর্ম প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দিতে হবে : রেজাউল করিম বাদশা

নজরুলের সাহিত্যকর্ম প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দিতে হবে : রেজাউল করিম বাদশা

শহর প্রতিনিধি : বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া-৬(সদর) আসনের সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দিতে হবে। এতে ওইসব অঞ্চলে থাকা মেধাবী শিক্ষার্থীরা নজরুলের গান, কবিতা ও আবৃত্তিসহ নানা ক্ষেত্রে শুধু আঞ্চলিকই নয় জাতীয় পর্যায়েও অবদান রাখতে পারবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিকল্পনায় নজরুল বর্ষে জাতীয় কবির বিভিন্ন সাহিত্যকর্মের বই পড়তে শিক্ষার্থীদের উৎসাহ দিতে হবে। শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না থেকে নজরুলসহ অন্যান্য লেখকদের বই পড়তেও শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে শিক্ষক-অভিভাবকসহ সবার ভুমিকা রাখতে হবে।

নজরুল বর্ষ উপলক্ষে আজ সোমবার (৩১ আগস্ট) বগুড়ায় শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে সকালে শহরের শহিদ টিটু মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রায়হান উদ্দীন মুরাদ। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রমজান আলী আখন্দ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রেজওয়ান হাসান।  স্বাগত বক্তব্য রাখেন জেলা কালচারাল কর্মকর্তা মাহমুদুল হাসান।

সমাপনী বক্তব্যে জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ২২ বছরের সাহিত্যজীবনের আলোচনা, চর্চা ২২ বছরেও সম্ভব নয়। নজরুলকে আমাদের জাতীয়ভাবে ধারণের সুযোগ করে দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিকল্পনায় নজরুল বর্ষ সারাদেশের ন্যায় বগুড়া জেলাতেও সারাবছরব্যাপি রাষ্ট্রীয় রীতিতে সকল শিক্ষাপর্যায়ে পালিত হবে। সাংস্কৃতিক বিকাশে জাতীয় কবিকে চর্চা করতে হবে আত্নিকভাবে।

আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে জেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা সমবেত সংগীত পরিবেশন করেন। নৃত্যশিল্পীদের দলীয় নৃত্য পরিবেশিত হয়। এছাড়াও কাজী নজরুল ইসলামের “মানুষ” কবিতা আবৃত্তি করেন আব্দুল মোবিন জিন্নাহ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা শিল্পকলা একাডেমির শিল্পী তাছবিতা এহসান। অনুষ্ঠানে জেলার সকল পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানর শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক উপস্থিত ছিলেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/181993