কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের কমিটি নিয়ে সংঘর্ষ, আহত ৫
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রদলের নতুন কমিটি নিয়ে অসন্তোষের জেরে দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫ জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আজ সোমবার দুপুর ১২টার দিকে কলেজের প্রশাসনিক ভবনের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এর আগে রোববার কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে ওমর ফারুক মানিককে সভাপতি এবং ফাতিন ইশরাককে সাধারণ সম্পাদক করা হয়।
কমিটি ঘোষণার পর থেকেই নতুন কমিটির সিনিয়র সহ-সভাপতি ওমর ফারুক এবং সহ-যুগ্ম সাধারণ সম্পাদক তারেক রহমানের অনুসারীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। রোববার রাত থেকে সামাজিক যোগাযোগমাধ্যমেও দুইপক্ষের নেতাকর্মীদের বিভিন্ন মন্তব্য করতে দেখা যায়।
এরই ধারাবাহিকতায় সোমবার দুপুর ১২টায় পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ করেন সিনিয়র সহ-সভাপতি ওমর ফারুক ও যুগ্ম সাধারণ সম্পাদক তারেক রহমানের অনুসারীরা। এ সময় নতুন কমিটির নেতাকর্মীরা মিষ্টি নিয়ে কলেজে এলে দুইপক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধে।
সংঘর্ষে তারেক রহমান, জোবায়ের তালহা ও মো. রায়হানসহ ৫ জন আহত হয়েছেন। তারা সবাই ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে।
কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি কাজী জোবায়ের আলম জিলানী বলেন, কেন্দ্র থেকে ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের কমিটি দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে সংঘর্ষ কোনোভাবেই কাম্য নয়। যারা সংঘর্ষে জড়িয়েছে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বর্তমানে কলেজ ক্যাম্পাসের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কলেজ ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/181981