এসএসসি ফেল শিক্ষার্থীদের ব্যবসা করতে টাকা দেওয়ার কথা ভাবছে সরকার
এসএসসি ও সমমান পরীক্ষায় ফেল করা শিক্ষার্থীদের ঝরে পড়া ঠেকাতে বিশেষ নীতি প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। প্রচলিত শিক্ষাব্যবস্থায় এগোতে না পারা শিক্ষার্থীদের কারিগরি প্রশিক্ষণের পাশাপাশি উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে প্রয়োজনে আর্থিক সহায়তা দেওয়ার কথাও ভাবা হচ্ছে।
প্রধানমন্ত্রীর শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন রোববার বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান।
তিনি বলেন, এসএসসি বা সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি), স্বল্পমেয়াদি কারিগরি ও ভোকেশনাল কোর্সে যুক্ত করা হবে। এর মাধ্যমে তাঁদের কর্মসংস্থানের সুযোগ তৈরির পরিকল্পনা রয়েছে। প্রয়োজন হলে ব্যবসা বা নতুন উদ্যোগ শুরু করতেও আর্থিক সহায়তা দেওয়া হতে পারে।
মাহদী আমিন বলেন, আগে এসব শিক্ষার্থীকে নিয়ে আলাদা করে ভাবা হয়নি। এবার তাঁদের জন্য একটি বিশেষ নীতি তৈরি করা হচ্ছে, যাতে পরীক্ষায় ব্যর্থ হওয়ার পর তারা শিক্ষা বা কর্মজীবন থেকে ঝরে না পড়ে।
এদিকে এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার কমে ৬২ দশমিক ২৫ শতাংশে নেমেছে। ১১টি শিক্ষা বোর্ডে মোট ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন পরীক্ষার্থী অংশ নেন। তাঁদের মধ্যে পাস করেছেন ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন এবং ফেল করেছেন ৬ লাখ ৯০ হাজার ৬০৮ জন।
ফলাফল নিয়ে মাহদী আমিন দাবি করেন, এবার কোনো গ্রেস নম্বর দেওয়া হয়নি এবং শিক্ষার্থীরা নিরপেক্ষ ও স্বচ্ছ মূল্যায়নের ভিত্তিতে ফল পেয়েছে।
সরকারের নতুন উদ্যোগ বাস্তবায়িত হলে এসএসসি পরীক্ষায় ব্যর্থ শিক্ষার্থীদের জন্য প্রচলিত একাডেমিক শিক্ষার বাইরে কারিগরি প্রশিক্ষণ, কর্মসংস্থান ও উদ্যোক্তা হওয়ার নতুন পথ তৈরি হতে পারে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/181974