চরিত্রের জন্য দেড় মাস গোসল করেননি নাসিরুদ্দিন শাহ

চরিত্রের জন্য দেড় মাস গোসল করেননি নাসিরুদ্দিন শাহ

চরিত্রের প্রয়োজনে তারকারা কত কিছুই না করেন! কেউ ওজন বাড়ান, কেউ কমান, আবার কেউ বদলে ফেলেন নিজের চেহারা। তবে বলিউডের বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহ অভিনয়ের জন্য যা করেছিলেন, তা শুনলে চমকে উঠতে হয়।

সম্প্রতি ‘দ্য কপিল শর্মা শো’-তে এসে সেই পুরোনো ঘটনা স্মরণ করেন অভিনেতা গুলশান গ্রোভার। ক্যারিয়ারের শুরুর দিকে নাসিরুদ্দিন শাহের এই অভিনয়-নিষ্ঠার কথা শুনে তিনি রীতিমতো অবাক হয়েছিলেন বলে জানান।

১৯৮১ সালের সিনেমা ‘চক্র’-তে অপরাধীর চরিত্রে অভিনয়ের সময় প্রায় দেড় থেকে দুই মাস গোসল করেননি নাসিরুদ্দিন শাহ। চরিত্রটিকে পর্দায় আরও বাস্তব করে তুলতেই নাকি এমন কঠিন সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।

সিনেমা থেকে নেওয় স্ক্রিনশটগুলশান গ্রোভার নিজে দিনে দুই থেকে চারবার গোসল করেন। নাসিরুদ্দিন শাহের সেই কাণ্ডের প্রসঙ্গ টেনে রসিকতা করে তিনি বলেন, এমন নিষ্ঠার ধারেকাছেও তিনি কখনো যেতে পারবেন না।

নিজের চরিত্রগুলোর প্রসঙ্গ টেনে গ্রোভার আরও বলেন, ভাগ্য ভালো যে তাকে এমন চরিত্রে অভিনয়ের সুযোগ দেওয়া হয়েছে, যেখানে স্যুট পরে হাতে পানীয় নিয়ে থাকলেই চলে!

রবীন্দ্র ধর্মরাজ পরিচালিত ‘চক্র’ সিনেমায় নাসিরুদ্দিন শাহের সঙ্গে অভিনয় করেছিলেন স্মিতা পাতিল ও কুলভূষণ খরবন্দা। মুম্বাইয়ের বস্তিজীবনকে কেন্দ্র করে নির্মিত সিনেমাটিতে উঠে এসেছিল দারিদ্র্য, অপরাধ ও টিকে থাকার কঠিন সংগ্রামের গল্প। চরিত্রের বাস্তবতা ফুটিয়ে তুলতে নাসিরুদ্দিন শাহের এমন প্রস্তুতি সিনেমাটিকে ঘিরে তার অভিনয়-নিষ্ঠার একটি আলোচিত উদাহরণ হয়ে আছে।

কয়েক দশক পেরিয়ে গেলেও অভিনয় জগতে এখনো সমান সক্রিয় নাসিরুদ্দিন শাহ। সাম্প্রতিক সময়ে ‘আসি’ ছবিতে দেখা গেছে তাকে। এ ছাড়া ২০২৬ সালে মুক্তি পাওয়া ইমতিয়াজ আলীর ‘ম্যায় ভাপাস আউঙ্গা’ ছবিতেও অভিনয় করেছেন তিনি।

কাজল ও প্রভু দেবার সঙ্গে তার অভিনীত অ্যাকশন-থ্রিলার ‘মহারাগ্নি: কুইন অফ কুইন্স’ ছবিটিও মুক্তির অপেক্ষায় রয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/181973