অফিসে উপস্থিত নেই কর্মকর্তা-কর্মচারী, আগেই দেয়া হয়ে গেছে হাজিরা: অসন্তোষ ভূমি প্রতিমন্ত্রীর

অফিসে উপস্থিত নেই কর্মকর্তা-কর্মচারী, আগেই দেয়া হয়ে গেছে হাজিরা: অসন্তোষ ভূমি প্রতিমন্ত্রীর

নারায়ণগঞ্জের কয়েকটি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনকালে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেরিতে আসা এবং অগ্রিম হাজিরা খাতায় সই করার প্রমাণ মেলায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। 

প্রতিমন্ত্রী হেলাল উদ্দিন আজ (সোমবার) সকাল সাড়ে ৮টার দিকে নারায়ণগঞ্জের খানপুর এলাকায় তিনটি ভূমি সার্কেল অফিস পরিদর্শন করেন। সেখানে গিয়ে তিনি দেখতে পান যে অনেক কর্মকর্তা-কর্মচারীই কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।

তবে অনুপস্থিত থাকা সত্ত্বেও অনেক কর্মচারীর নামেই অগ্রিম হাজিরা খাতায় সই করা ছিল। এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, 'অনেক কর্মচারী উপস্থিত না থেকেও হাজিরা খাতায় সই করে রেখেছেন। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।'

তিনি জানান, আকস্মিক এই পরিদর্শনের সময় সব ধরনের অনিয়মের প্রয়োজনীয় তথ্য ও প্রমাণ সংগ্রহ করা হয়েছে এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, জনগণই এই দেশের প্রকৃত মালিক এবং তাঁদের সেবা দেওয়া সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের আইনি দায়িত্ব, এটি কোনো দয়া বা দানশীলতা নয়। তাই সরকারি কর্মচারীদের অবশ্যই সময়মতো কর্মস্থলে উপস্থিত হতে হবে এবং আন্তরিকতা ও দায়িত্ববোধের সাথে নাগরিকদের সেবা নিশ্চিত করতে হবে।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী ভূমি অফিসগুলোর নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতাও চিহ্নিত করেন। তিনি লক্ষ্য করেন যে, বেশ কয়েকজন নারী কর্মচারী একই সঙ্গে প্রশাসনিক ও বিচারিক দায়িত্ব পালন করছেন। তাঁদের কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি আশ্বস্ত করেন।

প্রতিমন্ত্রী হেলাল উদ্দিন আরও যোগ করেন যে—কেবল শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে এই সামগ্রিক সমস্যার সমাধান সম্ভব নয়, বরং সরকারি সেবার মান বাড়াতে হলে কর্মকর্তা-কর্মচারীদের মানসিকতার ইতিবাচক পরিবর্তন আনা সবচেয়ে জরুরি।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/181950