কুড়িগ্রামের রাজারহাটে মোবাইল কিনে না দেওয়ায় কিশোরের আত্মহত্যা

কুড়িগ্রামের রাজারহাটে মোবাইল কিনে না দেওয়ায় কিশোরের আত্মহত্যা

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাটে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন কিনে না দেওয়ায় বাবার সঙ্গে অভিমান করে দশম শ্রেণির এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। 

রোববার (৩০ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের সুন্দরগ্রাম পুটিকাটা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই শিক্ষার্থী নারায়ণ চন্দ্রের ছেলে বাধন কুমার (১৫) দীর্ঘদিন ধরে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন কেনার জন্য বাবার কাছে আবদার করে আসছিল। এ নিয়ে রোববার রাতে বাবার সঙ্গে তার কথা কাটাকাটি ও অভিমান হয়। একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে সে তার শয়ন ঘরের তীরের সঙ্গে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে বলে স্বজনরা জানান। এসময় তার বাবা রান্নার কাজে রান্না ঘরে ব্যস্ত ছিল। বাধন কুমার ছোট বেলায় তার মাকে হারিয়েছে এবং বাবার লালন-পালনে সে বড় হচ্ছিল।

ঘটনার পর পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য নেওয়ার চেষ্টা করেন। তবে ততক্ষণে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

খবর পেয়ে রাজারহাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট তৈরি করে। 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/181910