প্রশিক্ষণকে শুধু সনদ অর্জনের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না : দুর্যোগ ও ত্রাণমন্ত্রী
রংপুর জেলা প্রতিনিধি : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, প্রশিক্ষণকে শুধু সনদ অর্জনের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না। প্রশিক্ষণলব্ধ জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগিয়ে যুবসমাজকে কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের পথে এগিয়ে নিতে হবে। দক্ষ জনশক্তি তৈরি হলে বেকারত্ব কমার পাশাপাশি দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে। যুবকদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে তাদের নিজেদের পায়ে দাঁড়ানোর সুযোগ তৈরি করাই হতে পারে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অন্যতম ভিত্তি। বর্তমান সময়ে চাকরির পেছনে না ছুটে দক্ষতা অর্জনের মাধ্যমে নিজের কর্মসংস্থানের সুযোগ তৈরি করা জরুরি। প্রশিক্ষণের পর কর্মসংস্থানের সুযোগ তৈরি করা গেলে যুবসমাজের মধ্যে আত্মবিশ্বাস বাড়বে এবং বেকারত্ব কমবে। এ ক্ষেত্রে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগ আরও জোরদার করা প্রয়োজন।
গতকাল রোববার দুপুরে নগরীর জেলা শিল্পকলা একাডেমিতে বেকার যুব ও মহিলাদের মধ্যে কর্মসহায়ক যন্ত্রপাতি বিতরণ ও চাকরি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আজকের প্রশিক্ষণ, আগামীর সমৃদ্ধি প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরে প্রশিক্ষিত যুব ও যুব মহিলাদের কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরিতে উদ্যোগ নিয়েছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অব টেকনোলজি (ইআইটি) রংপুর। এরই অংশ হিসেবে ৫০ জন প্রশিক্ষিত যুব ও যুব মহিলার হাতে কর্মসহায়ক যন্ত্রপাতি এবং বিভিন্ন ট্রেডে ২৫ জনের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অব টেকনোলজি (ইআইটি) রংপুরের পরিচালক মোহাম্মদ নাজমুল আলম নাজুর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. নাজনীন কাউসার চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের এসআইসিআইপি কর্মসূচির সহকারী নির্বাহী প্রোগ্রাম পরিচালক ও উপসচিব সোহেল মাহমুদ, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী ডন, জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম, জেলা প্রশাসক ইসরাত জাহান, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক অনিরুদ্ধ কুমার রায়, ইনফরমাল সেক্টর ইন্ডাস্ট্রি স্কিলস কাউন্সিলের মির্জা নুরুল গনিত শোভন, রিহ্যাবের সচিব ও চিফ কো-অর্ডিনেটর কাজী আবুল কাশেম আবেগ, চিফ কো-অর্ডিনেটর মুরাদ হোসেন, যুব উন্নয়ন অধিদপ্তর রংপুরের উপপরিচালক আব্দুল ফারুক, মহিলা বিষয়ক অধিদপ্তর রংপুরের উপপরিচালক সেলোয়ারা বেগম ও সংগঠক ফারহান শাহিল তুর্য্য।
অনুষ্ঠানে মন্ত্রী আসাদুল হাবিব দুলুর মাধ্যমে প্রশিক্ষিত ৫০ জন যুব ও যুব মহিলার মধ্যে কর্মসহায়ক যন্ত্রপাতি বিতরণ করা হয়। একই সঙ্গে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ সম্পন্ন করা ২৫ জনের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হয়। ইআইটি রংপুর কর্তৃপক্ষ জানায়, প্রতিষ্ঠানটি ২০১০ সালে প্রতিষ্ঠার পর থেকেই দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষিত জনশক্তিকে কর্মসংস্থানের সঙ্গে যুক্ত করার ধারাবাহিক কার্যক্রম চালিয়ে আসছে। প্রশিক্ষণের পাশাপাশি কর্মসহায়ক উপকরণ প্রদান ও চাকরির সুযোগ তৈরির মাধ্যমে প্রশিক্ষিত যুব ও যুব মহিলাদের স্বাবলম্বী করার উদ্যোগ অব্যাহত থাকবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/181906