বাংলাদেশের এশিয়া কাপ শুরু আজ

বাংলাদেশের এশিয়া কাপ শুরু আজ

স্পোর্টস ডেস্ক : নারী এশিয়া কাপে বাংলাদেশের প্রথম ম্যাচ আজ। রাত সাড়ে ৮টায় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এ ম্যাচে নিগার সুলতানা জ্যোতির দলের প্রতিপক্ষ ইন্দোনেশিয়া। গত জুনে মালয়েশিয়ায় এসিসি উইমেন্স প্রিমিয়ার কাপে তৃতীয় হয়েই প্রথমবার এশিয়া কাপে সুযোগ পেয়েছে ইন্দোনেশিয়া। এবারই প্রথম টেস্ট খেলুড়ে কোনো দেশের নারী দলের মুখোমুখি হচ্ছে তারা। এ ম্যাচ দিয়ে এশিয়া কাপেও অভিষেক হতে যাচ্ছে দলটির।

আন্তর্জাতিক ক্রিকেটে ইন্দোনেশিয়ার নারীদের পথচলা শুরু সাত বছর আগে। ২০১৯ সালের জানুয়ারিতে থাইল্যান্ড টি-টুয়েন্টি স্ম্যাশে অভিষেক দলটির। হংকং, মিয়ানমার ও ভুটানকে হারিয়ে টুর্নামেন্ট শুরু করা দলটি অবশ্য শেষ তিন ম্যাচে হেরে যায় থাইল্যান্ড, নেপাল ও সংযুক্ত আরব আমিরাতের কাছে। এরপর শুধু কাছাকাছি মানের দলের বিপক্ষেই খেলা দলটি আইসিসি নারী টি-টুয়েন্টি র‌্যাঙ্কিংয়ের ২২-এ উঠে এসেছে। র‌্যাঙ্কিংয়ে দল আছে ৭৯টি। যেখানে বাংলাদেশ আছে ১০ নম্বরে।

ইন্দোনেশিয়ার বিপক্ষে বাংলাদেশের যদি কোনো শঙ্কা থেকে থাকে, সেটি প্রতিপক্ষ অচেনা বলেই। অচেনা প্রতিপক্ষের পর ‘বি’ গ্রুপে বাংলাদেশের অন্য দুই ম্যাচ সংযুক্ত আরব আমিরাত ও শ্রীলঙ্কার বিপক্ষে। সেমিফাইনালে উঠতে গ্রুপের শীর্ষ দুইয়ে থাকতে হবে। বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা টুর্নামেন্ট শুরুর আগে পাখির চোখ করেছেন ফাইনালকে। ইংল্যান্ডে সর্বশেষ টি-টুয়েন্টি বিশ্বকাপে প্রথম পর্ব থেকে বিদায় নিলেও পাঁচ ম্যাচের দুটিতে জিতেছিল বাংলাদেশ।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/181902