প্রেম-বিয়ে ভাঙলে মিলবে বেতনসহ ৭ দিনের ছুটি
আন্তর্জাতিক ডেস্ক : প্রেম ভাঙা বা দাম্পত্য জীবনের বিচ্ছেদ শুধু ব্যক্তিগত সম্পর্কের সমাপ্তি নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে নানা ধরনের মানসিক চাপ, হতাশা ও আবেগীয় অস্থিরতা। এমন পরিস্থিতির প্রভাব অনেক সময় ব্যক্তিগত জীবনের গণ্ডি পেরিয়ে কর্মক্ষেত্রেও পৌঁছে যায়। মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে পড়ে, কমে যেতে পারে কাজের আগ্রহ ও উৎপাদনশীলতা।
কর্মীদের এমন কঠিন সময়ে কিছুটা স্বস্তি দিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ভারতের বেঙ্গালুরুভিত্তিক স্টার্টআপ প্রতিষ্ঠান স্টকগ্রো। ২০২৪ সাল থেকে প্রতিষ্ঠানটি চালু করেছে ‘ব্রেকআপ লিভ’ বা বিচ্ছেদকালীন ছুটির ব্যবস্থা।
স্টকগ্রোর নীতিমালা অনুযায়ী, প্রেমের সম্পর্ক ভেঙে গেলে কিংবা বৈবাহিক সম্পর্কে বিচ্ছেদ ঘটলে কর্মীরা একটানা সাত দিনের বেতনসহ ছুটি নিতে পারবেন। অর্থাৎ ব্যক্তিগত জীবনের এমন কঠিন সময়ে কর্মীকে কিছুটা সময় দেওয়া হবে, যাতে তিনি মানসিকভাবে নিজেকে সামলে নিতে পারেন।
এই উদ্যোগের সবচেয়ে আলোচিত দিক হলো, ছুটি নেওয়ার জন্য কর্মীকে বিচ্ছেদের কোনো প্রমাণপত্র জমা দিতে হবে না। সম্পর্ক ভেঙেছে কি না, সে বিষয়ে কোনো নথি দেখানোর প্রয়োজন নেই। কর্মী শুধু প্রতিষ্ঠানকে জানাবেন যে তিনি এমন একটি মানসিক কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন এবং কিছুটা বিরতি প্রয়োজন। এরপরই ছুটির আবেদন করতে পারবেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/181860