অনূর্ধ্ব-১৯ দলকে তামিমের অভিনন্দন বার্তা

অনূর্ধ্ব-১৯ দলকে তামিমের অভিনন্দন বার্তা

স্পোর্টস ডেস্ক :  শেষ ওভারের রোমাঞ্চ পেরিয়ে জয়ের হাসি হেসেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে ৪ রানের এই জয়ের পর তরুণ ক্রিকেটারদের অভিনন্দন জানাতে ড্রেসিংরুমে যান বিসিবি সভাপতি তামিম ইকবাল।

তবে শুধু প্রশংসাই নয়, ভবিষ্যতের লড়াইয়ের কথাও মনে করিয়ে দিয়েছেন তিনি।

জিডি ট্রফির দ্বিতীয় ম্যাচে আগে ব্যাট করে ২২৬ রান করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

জবাবে অনূর্ধ্ব-২৩ দল লড়াই করলেও শেষ পর্যন্ত ৪ রান দূরে থামে তাদের ইনিংস। রুদ্ধশ্বাস এই জয়ের পর অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক ফরিদ হাসান ফয়সাল জানান, ম্যাচ শেষে তাদের অভিনন্দন জানিয়েছেন তামিম।

 

তামিমের অভিনন্দন বার্তা নিয়ে ফয়সাল বলেন, ‘তামিম ভাই বলেছেন, অনূর্ধ্ব-২৩ দলের সঙ্গে জিতেছো। ওরা আগে মালয়েশিয়ার সঙ্গে ভালোভাবে জিতেছে।

এবার ওদের হারিয়েছো। তবে পরেরবার ওরা আরও ভালোভাবে খেলবে। ভালো খেলেছো। তিনি আমাদের অভিনন্দন জানিয়েছেন।’

জাতীয় দলের ক্রিকেটারদের দেখে বড় হওয়া তরুণদের জন্য তামিমের উপস্থিতিটাও ছিল বিশেষ। আলাদা কোনো কৌশলগত পরামর্শ না দিলেও তাকে কাছ থেকে দেখতে পারাটাই অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে বলে জানান ফয়সাল।

এ প্রসঙ্গে ফয়সাল বলেন, ‘ম্যাচের মধ্যে ছিলাম। টিপস সেরকম কিছু না। তবে অনেক অনুপ্রেরণা এসেছে। ভাইকে দেখেছি, যাদের দেখে জাতীয় দলের খেলা শিখেছি, তাদের সামনে থেকে দেখেছি।’

শেষ পর্যন্ত ম্যাচ জেতার বিশ্বাসটা ছিল বলেই জানালেন অনূর্ধ্ব-১৯ অধিনায়ক। তার মতে, ম্যাচটি কঠিন হয়ে উঠলেও দলের খেলোয়াড়রা নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছে। বিশেষ করে শেষ দিকে আবদুর রাহিমের বোলিংয়ের প্রশংসা করেন তিনি।

রোববার বড়দের হারানো ম্যাচ নিয়ে ফয়সাল বলেন, ‘আসলে ম্যাচ জেতাটা কঠিন ছিল। আমরা বিশ্বাস করেছি, ভালো এফোর্ট দিতে পারলে জিতব। আজকে পেরেছি, আলহামদুলিল্লাহ। ভালো লাগছে। ওই সময়ে আবদুর রাহিম ভালো বোলিং করেছে।’

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/181856