এই সময়ে তিন্নি

এই সময়ে তিন্নি

 অভি মঈনুদ্দীন ঃ সেরাকন্ঠ খ্যাত নন্দিত সঙ্গীতশিল্পী কানিজ খাদিজা তিন্নি গত মাসের শেষের দিকে ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে এপ্লাইড লেঙ্গুয়েস্টিক অ্যাণ্ড ইএলটি (প্রয়োগিক ভাষা বিজ্ঞান ও ইংরেজি ভাষা শিখন-শিক্ষণ) বিষয়ে মাস্টার্স শুরু করেছেন। একটু দেরীতে হলেও বিদ্যা শেখার আরেকটি ধাপ শুরু করতে পেরে ভীষণ খুশী তিন্নি। তিন্নির ভাষ্যমতে, পড়াশুনা শেখার কোনো শেষ নেই কিংবা নির্দিষ্ট কোনো বয়সও নেই। তাই দেরীতে হলেও এই বিষয়ে মাস্টার্স শুরু করতে পেরে উচ্ছ্বসিত তিন্নি। তিনি আশা করেন সঠিক সময়ের মধ্যেই নির্ধারিত বিষয়ে তিনি মাস্টার্স যথাযথভাবে শেষ করতে পারবেন।

তিন্নি বলেন,‘ আলহামদুল্লিাহ একটু দেরীতে হলেও আল্লাহর নামে বিদ্যার আরেকিট মহাধাপ শুরু করেছি। আশা করছি আমার পরিবার আমাকে সর্বাত্বকভাবে সহযোগিতা করবে এবং আমি ঠিকঠাকভাবে নির্দিষ্ট বিষয়ে মাস্টার্স শেষ করতে পারবো।’ এদিকে কয়েকদিন আগে ছিলো বাংলাদেশের প্রয়াত কিংবদন্তী সঙ্গীতশিল্পী আইয়ূব বাচ্চুর জন্মদিনে। তার জন্মদিনে তাকে উৎসর্গ করে তিন্নি একটি গান উৎসর্গ করে গেয়েছেন।

এছাড়াও তিনি দেশের গান ‘সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য’ গানটিও কাভার করে প্রকাশ করেছেন। গানটি লিখেছেন ও সুর করেছেন প্রয়াত আহমেদ ইমতিয়াজ বুলবুল। গানটির মূল শিল্পী জনপ্রিয় জীবন্ত কিংবদন্তী সঙ্গীতশিল্পী সাবিনা ইয়াসমিন।

দীর্ঘদিন নতুন কোনো মৌলিক গান প্রকাশ পাচ্ছেনা তিন্নির। তবে তিন্নি জানান, নতুন মৌলিক গান নিয়ে পরিকল্পনা চলছে। কথা ও সুর ভালোলাগলে নতুন গান প্রকাশ করবেন দ্রতই। তিন্নির কন্ঠে প্রকাশিত উল্লেখযোগ্য মৌলিক গান হচ্ছে ‘প্রজাপতি মন’, মেঘমালা’,‘ শত শত রাত’, ‘অভিমানী পাখি’,‘ শরৎ আমার স্নিগ্ধতা’ ইত্যাদি। তিন্নির ভীষণ প্রিয় শিল্পী উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী, সুরকার রুনা লায়লা।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/181855