লক্ষ্মীপুরে সুপারি গাছে না ওঠায় শিশুকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার
লক্ষ্মীপুরে সুপারি গাছে উঠতে রাজি না হওয়ায় রিয়াদ হোসেন (১২) নামে এক শিশুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে রুবেল হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ রোববার (৩০ আগস্ট) দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
এতে জানানো হয়, ঘটনার পরপরই অভিযান চালিয়ে ঘাতক রুবেলকে গ্রেপ্তার করা হয়। রোববার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
নিহত রিয়াদ ওই এলাকার সাহেদ হোসেনের ছেলে। অভিযুক্ত রুবেল একই এলাকার মিলনের ছেলে।
জানা গেছে, শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৬টার মধ্যে সদর উপজেলার ৪ নম্বর চররুহিতা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চররুহিতা এলাকায় চুরিকাঘাত করে রিয়াদকে হত্যা করা হয়।
ঘটনার সময় রুবেল সুপারি গাছ থেকে সুপারি পাড়ার জন্য রিয়াদকে গাছে উঠতে বলেন।
ছুরিকাঘাতে রিয়াদের বুক, পেট ও বাম পায়ের হাঁটুর নিচে গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
খবর পেয়ে লক্ষ্মীপুর সদর মডেল থানা পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।
এ ঘটনায় নিহত রিয়াদের বাবা সাহেদ হোসেন বাদী হয়ে লক্ষ্মীপুর সদর থানায় হত্য মামলা দায়ের করেন।