যুক্তরাষ্ট্রকে তেলের মালিকানা দিয়ে সার্বভৌমত্ব বজায় রাখার প্রতিশ্রুতি রদ্রিগেজের

যুক্তরাষ্ট্রকে তেলের মালিকানা দিয়ে সার্বভৌমত্ব বজায় রাখার প্রতিশ্রুতি রদ্রিগেজের

আন্তর্জাতিক ডেস্ক : ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ বলেছেন, যুক্তরাষ্ট্রের কাছে দেশটির কয়েক বিলিয়ন ব্যারেল তেলের অধিকার হস্তান্তরের ঘোষণা দেওয়া হলেও ভেনেজুয়েলা তার সার্বভৌমত্ব বজায় রাখছে। খবর : রয়টার্স 

শনিবার (২৯ আগস্ট) টেলিভিশনে দেওয়া এক ভাষণে রদ্রিগেজ বলেন, ওয়াশিংটনের সঙ্গে ‘ঐতিহাসিক’ এই চুক্তির আওতায় ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের অধিকার যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করা হবে। চুক্তিটির মেয়াদ হবে ২৫ বছর। এর মাধ্যমে ভেনেজুয়েলা তার তেলশিল্পের উন্নয়ন করতে পারবে এবং একই সঙ্গে দেশটির সম্পদের ‘মালিকানা ও সার্বভৌমত্ব’ বজায় থাকবে। তিনি বলেন, প্রকল্পটির আওতায় ১৭টি কৌশলগত তেলক্ষেত্র উন্নয়ন করা হবে। প্রাথমিকভাবে প্রতিদিন ১৫ লাখ ব্যারেল তেল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বৃহত্তর এই পরিকল্পনায় দেশের জ্বালানি খাতের সম্প্রসারণের অংশ হিসেবে নতুন করে আটটি তেল ব্লক উন্নয়নের বিষয়ও রয়েছে।

রদ্রিগেজ জানান, চুক্তির আওতায় উৎপাদিত ও যুক্তরাষ্ট্রে বিক্রি হওয়া প্রতি ব্যারেল তেল থেকে ১৯ ডলার করে কারাকাসে যাবে। তেলের দামের ওপর নির্ভর করে এই ব্যবস্থা থেকে ভেনেজুয়েলা বছরে ২০ হাজার ৯০০ কোটি ডলার পর্যন্ত পেতে পারে। তিনি বলেন, ভেনেজুয়েলা তার প্রাকৃতিক সম্পদের মালিকানা ধরে রাখবে। একই সঙ্গে ‘নিষেধাজ্ঞার কারণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত একটি কৌশলগত শিল্পের পুনরুদ্ধারে সহায়তার জন্য’ মূলধন, প্রযুক্তি ও পরিচালনাগত দক্ষতা কাজে লাগানো হবে।

এর আগে শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার বিপুল তেল মজুতের ওপর ওয়াশিংটনের আংশিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পরিকল্পনা ঘোষণা করেন। এই চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রের কোম্পানিসহ বিদেশী প্রতিষ্ঠানগুলো ভেনেজুয়েলার জরাজীর্ণ জ্বালানি অবকাঠামো পুনরুদ্ধারে কাজ করবে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ভেনেজুয়েলার কর্মকর্তারা আগামী সপ্তাহে কয়েকটি কোম্পানিকে নতুন তেল অনুসন্ধান ও উৎপাদনের অধিকার দেয়ার চুক্তিতে স্বাক্ষরের প্রস্তুতি নিচ্ছেন। এসব কোম্পানির মধ্যে মার্কিন প্রতিষ্ঠান শেভরনও রয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/181794