টপ এন্ড টি-টোয়েন্টিতে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের
স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার ডারউইনে অনুষ্ঠিত টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টে সেমিফাইনালের বাধা টপকাতে পারল না বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল। ভিক্টোরিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের বিপক্ষে ১ উইকেটের রোমাঞ্চকর পরাজয়ে শেষ হলো ফাইনাল খেলার স্বপ্ন। তবে বল হাতে বাজিমাত করেছেন মোহাম্মদ রুবেল।
অস্ট্রেলিয়ার মাটিতে ৯ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে মোট ৭টি ম্যাচ খেলেছে বাংলাদেশ এইচপি। লিগ পর্বে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়ে ৬টি ম্যাচের মধ্যে ৫টিতেই জয় তুলে নেয় ইরফান শুক্কুরের দল। অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরি ও ভিক্টোরিয়া, নিউজিল্যান্ড ‘এ’ দল, পাকিস্তানের হায়দরাবাদ কিংসমেন এবং নেপালকে হারিয়ে লিগ টেবিল মাতিয়ে রেখেছিল তারা। লিগ পর্বে শুধু অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমির বিপক্ষেই পরাজয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ।
দলের সামগ্রিক পারফরম্যান্সের আলো কেড়ে নিয়েছেন রহস্য স্পিনার মোহাম্মদ রুবেল। পুরো টুর্নামেন্টে বল হাতে দেখিয়েছেন জাদু। ৭ ম্যাচে তার শিকার ২৩ উইকেট, যা গোটা টুর্নামেন্টেরই সর্বোচ্চ। এমনকি তালিকায় দ্বিতীয় স্থানে থাকা নিউজিল্যান্ড ‘এ’ দলের স্পিনার জেইডন লেনক্সের (১৩ উইকেট) চেয়েও ১০ উইকেট বেশি নিয়েছেন রুবেল। সেমিফাইনালে তিনি ৪ ওভারে মাত্র ১৫ রানে ৩টি শিকার ধরেন। ব্যাটসম্যানদের তালিকায় আলো ছড়িয়েছেন আরিফুল ইসলাম ও সাব্বির রহমান। ৭ ম্যাচে দুই ফিফটিতে ১৩৮.৬০ স্ট্রাইকরেটে ২১৯ রান সংগ্রহ করে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন আরিফুল। অন্যদিকে ৭ ম্যাচে ১২৪.৩২ স্ট্রাইকরেটে ১৮৪ রান করে তালিকার পঞ্চমে জায়গা করে নিয়েছেন সাব্বির রহমান। তার ঝুলিতেও রয়েছে দুটি ফিফটি।
বিপরীতে জাতীয় দলে খেলা পরিচিত মুখ শামীম হোসেন ৬ ইনিংসে করেন মাত্র ১০৭ রান, যার অর্ধেকই এসেছিল এক ইনিংসে। জিসান আলম ৬ ম্যাচে ১০২ এবং হাবিবুর রহমান ৭ ম্যাচে মাত্র ৮৫ রান করতে সক্ষম হন। দলের অধিনায়ক ও অভিজ্ঞ ব্যাটার ইরফান শুক্কুরও ৬ ইনিংসে ব্যাট করে করতে পেরেছেন শুধু ৭২ রান।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/181791