বাংলাদেশের মক্কা চুক্তি আগ্রহে যা বললেন জয়সওয়াল
বাংলাদেশ মক্কা চুক্তিতে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে ভারতের নজর রয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ভারতের নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট কোনো উদ্যোগ হলে বিষয়টি আরও গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করা হবে বলেও জানান তিনি।
শুক্রবার (২৮ আগস্ট) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ব্রিফিংয়ে এক সাংবাদিক বাংলাদেশের মক্কা চুক্তিতে যুক্ত হওয়ার আগ্রহ নিয়ে ভারতের অবস্থান জানতে চান। এর আগে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির চুক্তিতে যোগ দেওয়ার আগ্রহের কথা জানিয়েছিলেন। সর্বশেষ বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানও চুক্তিটিকে ইতিবাচক হিসেবে বর্ণনা করেন।
খলিলুর রহমান বলেন, চুক্তিটি আরও বিস্তৃত হলে তা বিশ্ব মুসলিম সমাজের আত্মরক্ষার ব্যবস্থা হিসেবে বিবেচিত হতে পারে। এটি মুসলিম পরিবারের অভ্যন্তরীণ বিষয় উল্লেখ করে তিনি বলেন, এ নিয়ে অন্যদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই।
বাংলাদেশের যোগদানের সম্ভাবনা প্রসঙ্গে তিনি জানান, বিষয়টি চুক্তির সদস্যদের অভিপ্রায়ের ওপর নির্ভর করবে। সদস্যরা বাংলাদেশকে অন্তর্ভুক্ত করতে আগ্রহী হলে ঢাকা বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করবে।
এর পরিপ্রেক্ষিতে ভারতের অবস্থান জানতে চাইলে রণধীর জয়সওয়াল বলেন, দিল্লি সব ধরনের ঘটনাপ্রবাহ ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে। বিশেষ করে ভারতের নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট বিষয় হলে তা আরও গুরুত্ব দিয়ে দেখা হয়।
ভারতের নিরাপত্তা সুরক্ষায় প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হয় বলেও জানান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/181764