যুক্তরাষ্ট্রের অবরোধেও সাড়ে ৭ বিলিয়ন ডলার তেল রাজস্ব পেল ইরান
আন্তর্জাতিক ডেস্ক : ইরানের কেন্দ্রীয় ব্যাংকে প্রথম চার মাসের প্রায় ৭.৫ বিলিয়ন ডলার তেল রাজস্ব জমা হয়েছে। দেশটির তেল মন্ত্রণালয়ের তথ্যের বরাতে ফার্স নিউজ জানিয়েছে, এই অর্থ দিয়ে চলতি বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত সরকারের বৈদেশিক মুদ্রার ব্যয় মেটানো সম্ভব।
শনিবার (২৯ আগস্ট) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, চলতি ইরানি বছরের প্রথম চার মাসে (২১ মার্চ–২২ জুলাই) তেল বিক্রি থেকে পাওয়া রাজস্ব বাজেটে নির্ধারিত লক্ষ্যমাত্রার প্রায় ৯৯ শতাংশে পৌঁছেছে।
ফার্স নিউজের প্রতিবেদনে আরও বলা হয়েছে, মার্কিন নৌ অবরোধের বাইরে আন্তর্জাতিক বাজারে ইরানের যে পরিমাণ তেল বিক্রির সুযোগ রয়েছে, তা দিয়ে ২০২৬ সালের ২১ মার্চ থেকে ২০২৭ সালের ২০ মার্চ পর্যন্ত ঘোষিত রাষ্ট্রীয় বাজেটের রাজস্ব চাহিদা পূরণ করা সম্ভব।
তবে এ তথ্য এমন সময়ে প্রকাশ হলো, যখন ইরানের তেল রপ্তানি ও সামুদ্রিক বাণিজ্য মার্কিন নৌ অবরোধের কারণে বড় ধরনের বাধার মুখে পড়েছে।
এদিকে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের অন্যতম কেন্দ্র হয়ে উঠেছে। ইরান জলপথটি বন্ধ করে দিয়েছে এবং যুক্তরাষ্ট্র অবাধ নৌ চলাচলের জন্য তা পুনরায় খুলে দেওয়ার দাবি জানিয়ে আসছে।
গত জুনে যুদ্ধ অবসানের লক্ষ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকে মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার ও হরমুজ প্রণালি খুলে দেওয়ার শর্ত ছিল। তবে ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, অবরোধ ও নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং জব্দ করা সম্পদ মুক্ত করাসহ ওয়াশিংটনের প্রতিশ্রুতি পূরণ না হওয়া পর্যন্ত প্রণালিটি পুরোপুরি খুলবে না।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/181759