ছয় মাসে দেশে গুম, বিচারবহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী
গত ছয় মাসে দেশে গুম, বিচারবহির্ভূত হত্যা কিংবা রাজনৈতিক নিপীড়নের কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় শাহবাগ জাতীয় জাদুঘরে ‘মায়ের ডাক’ আয়োজিত প্রদর্শনী ও প্যানেল আলোচনায় তিনি এ দাবি করেন।
সংসদ সদস্য ও ‘মায়ের ডাক’-এর সমন্বয়ক সানজিদা ইসলাম তুলির সভাপতিত্ব ও সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। বক্তব্য দেন সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী, সংসদ সদস্য মীর আহমদ বিন কাসেম (ব্যারিস্টার আরমান), সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন, মানবাধিকার কর্মী নূর খান লিটন, আলোকচিত্রী শহীদুল আলম ও নেত্র নিউজের নির্বাহী সম্পাদক নাজমুল আহসানসহ অনেকে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার সময় আইনশৃঙ্খলা বাহিনীকে ‘ভঙ্গুর’ অবস্থায় পাওয়া যায়। এরপর গত ছয় মাসে তাদের নৈতিকতা, মনোবল ও কর্মপ্রেরণা বাড়াতে কাজ করা হয়েছে।
নিজেও গুমের শিকার হয়েছেন উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, দেশে একটি শক্তিশালী গুম প্রতিরোধ আইন প্রতিষ্ঠা করা সরকারের প্রত্যাশা। সরকারে কে থাকবে বা না থাকবে, আইনটি কার্যকর থাকবে এবং গুমের শিকার যে কেউ ন্যায়বিচার পাবেন।
র্যাবের নাম আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত করতে আইন আনা হয়েছে জানিয়ে তিনি বলেন, আইনটি মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে এবং কয়েক দিনের মধ্যে আসবে। তবে সাইবার অপরাধ মোকাবিলায় ইন্টেলিজেন্স সাপোর্ট, সাইবার ইন্টেলিজেন্স ও বিশ্লেষণ সক্ষমতাসহ একটি বিশেষায়িত বাহিনী প্রয়োজন।
মানবাধিকার কমিশনের আইন প্রসঙ্গে তিনি বলেন, আন্তর্জাতিক মান বজায় রেখেই আইন প্রণয়নের চেষ্টা করা হয়েছে। এ বিষয়ে জাতিসংঘের প্রতিনিধি, মানবাধিকার সংগঠন, সাংবাদিক, আইনজীবী ও কূটনৈতিক মিশনের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়েছে। জাতীয় সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্য রেখেই আইনটি করা হয়েছে বলে জানান তিনি।
জুলাই গণঅভ্যুত্থানের কারণে দেশে ফিরতে পেরেছেন উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী জুলাইযুদ্ধে অংশ নেওয়া ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে গুমের শিকার ব্যক্তিদের দ্রুত ও যথাযথ বিচার নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/181758