কোয়াবের উপদেষ্টা হলেন বাশার-সুজনসহ ১৬ জন
বাংলাদেশের সাবেক ক্রিকেটারদের নিয়ে নতুন করে সাজানো হয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (কোয়াব)। সংগঠনটির কার্যক্রমে অভিজ্ঞতা ও পরামর্শ যুক্ত করতে গঠন করা হয়েছে নতুন উপদেষ্টা পরিষদ।
শনিবার (২৯ আগস্ট) সংবাদ বিজ্ঞপ্তিতে উপদেষ্টা পরিষদের সদস্যদের নাম প্রকাশ করেছে কোয়াব। এতে সাবেক চার অধিনায়ক খালেদ মাহমুদ সুজন, হাবিবুল বাশার সুমন, সালমা খাতুন ও শাহরিয়ার নাফীসকে রাখা হয়েছে।
এ ছাড়া উপদেষ্টা পরিষদে রয়েছেন সৈয়দ আশরাফুল হক, আতহার আলী খান, শাথিরা জাকির, সানোয়ার হোসেন, এনামুল হক মনি, সেলিম শহীদ, শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত, নিয়ামুর রশিদ রাহুল, ইসতিয়াক সাদেক, নাঈম ইসলাম, নাদিফ চৌধুরী ও আনিসুল হাকিম।
কোয়াব জানিয়েছে, ক্রিকেটারদের কল্যাণ, অধিকার আদায়, সুস্থতা এবং বাংলাদেশের সামগ্রিক ক্রিকেট সংস্কৃতিসহ বিভিন্ন বিষয়ে কেন্দ্রীয় কমিটিকে পরামর্শ দেবেন উপদেষ্টা পরিষদের সদস্যরা।
অন্যদিকে, কোয়াবের নির্বাহী কমিটিতে নতুন সদস্য হিসেবে যুক্ত হয়েছেন মার্শাল আইয়ুব, জিয়াউর রহমান ও মাহমুদুল হাসান রানা।
অভিজ্ঞ ও বিশিষ্ট ক্রিকেট ব্যক্তিত্বদের সংগঠনের সঙ্গে যুক্ত করতে পেরে সন্তোষ জানিয়েছে কোয়াব। তাদের অভিজ্ঞতা ও পরামর্শ ক্রিকেটারদের কল্যাণে সংগঠনটির কার্যক্রমকে আরও কার্যকর করবে বলে আশা করছে সংগঠনটি।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/181757