রংপুরে চার খুন : আসামিদের পক্ষে লড়বেন না আইনজীবী সমিতির সদস্যরা
রংপুর জেলা প্রতিনিধি: অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চার সদস্যদের হত্যাকাণ্ডের ঘটনায় আসামিদের পক্ষে আইনি লড়াই না করার ঘোষণা দিয়েছেন রংপুর আইনজীবী সমিতি। আজ শনিবার (২৯ আগস্ট) সকালে আইনজীবী সমিতি ভবনে চার হত্যাকাণ্ড নিয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. আফতাব উদ্দিন।
তিনি বলেন, রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তীসহ পরিবারের চারজনকে হত্যার ঘটনাটি নিকৃষ্টতম ঘটনা। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা কয়েকজন সরকারি আইনজীবীসহ রংপুর সিটি করপোরেশনের প্রশাসককে সভপক নিয়ে ঘটনাস্থল ইতোমধ্যে পরিদর্শন করেছি।
আমরা আইনজীবী সমিতির পক্ষে ক্ষতিগ্রস্ত পরিবারকে বলতে চাই, আপনাদের পাশেই রয়েছি। আইনগত সব ধরণের সহায়তা আইনজীবী সমিতির পক্ষ থেকে দেওয়া হবে।
আফতাব উদ্দিন আরও বলেন, এই হত্যাকাণ্ড নিয়ে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা রকমের গুজব ও গল্প সাজিয়ে প্রচার করছেন। কেউ কেউ এটাকে রাজনৈতিক প্রচারণা চালানোর চেষ্টা করছেন। আইনজীবী সমিতির পক্ষ থেকে অনুরোধ এই হত্যাকাণ্ড নিয়ে কেউ রাজনীতি করবেন না। কোনো প্রকার গুজব ছড়াবেন না।
আইনজীবী সমিতির সদস্যদের আলোচনা সাপেক্ষে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চার সদস্যদের হত্যাকাণ্ডের ঘটনায় আসামিদের পক্ষে আইনি লড়াই না করার সিদ্ধান্ত হয়েছে। তবে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষে রয়েছি এবং তাদের সবধরনের আইনি লড়াইয়ে আমরা তাদের পাশে আছি।
এসময় তিনি এই হত্যাকাণ্ড নিয়ে সাংবাদিকদের সঠিক তথ্য তুলে ধরার আহবান জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- রংপুর সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সদস্য সচিব এড. মাহফুজ উন নবী ডন, রংপুর আইনজীবী সমিতির সভাপতি এড. সাহেদ কামাল ইবনে খতিব, এড. কাওছার আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/181752