অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালেন কুড়িগ্রামের রাজারহাটের ইউএনও
রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাট উপজেলার নাজিমখান ইউনিয়নের মনিডাকুয়া বালাপাড়া এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়িটি আজ শনিবার (২৯ আগস্ট) পরিদর্শন করেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার তানজিলা তাসনিম। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং উপজেলা পরিষদের পক্ষ থেকে দুই সদস্যকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকার চেক ও কম্বল প্রদান করেন।
এর আগে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য ৪ প্যাকেট শুকনো খাবার পাঠানোর ব্যবস্থা করেন ইউএনও। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরবর্তী সময়ে ঘর নির্মাণের জন্য টিন ও আর্থিক সহায়তা দেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গতকাল শুক্রবার কুড়িগ্রামের রাজারহাট উপজেলার নাজিমখান ইউনিয়নের মনিডাকুয়া বালাপাড়া এলাকায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে দবির উদ্দিনের চারটি বসতঘর পুড়ে ভস্মীভূত হয়েছে। অগ্নিকাণ্ডে তার ছেলের অপারেশনের জন্য রাখা ৯০হাজার টাকা, আসবাবপত্রসহ প্রায় পাঁচ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়। ঘটনার পর পুরো পরিবারটি খোলা আকাশের নিচে দিনাতিপাত করছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/181745