বগুড়ার শাহজাহানপুরে বার্মিজ চাকু ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার

বগুড়ার শাহজাহানপুরে বার্মিজ চাকু ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় বগুড়ার শাহজাহানপুর থানা পুলিশ বিশেষ অভিযান শুরু করছে। গতকাল শুক্রবার সন্ধ্যার পর থেকে পরিচালিত পৃথক দু’টি অভিযানে বার্মিজ চাকু ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মেহেদী হাসান (২২) ও মাহমুদুল হাসান (২৩) নামের দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার হওয়া মেহেদী হাসান উপজেলার আশেকপুর ইউনিয়নের মনসেফপুর গ্রামের লিটন মিয়ার ছেলে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে রানীরহাট বাজারের দক্ষিণ পাশে অবস্থিত ছালেক এর ‘ছ’ মিলের পাশে থেকে একটি বার্মিজ চাকুসহ তাকে গ্রেফতার করা হয়।

অপরদিকে গতকাল শুক্রবার রাত সোয়া ৯টার দিকে উপজেলার ক্ষুদ্র-কৃষ্টিয়া গ্রামে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাহমুদুল হাসান (২৩) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাহমুদুল হাসান চোপীনগর ইউনিয়নের বৃ-কুষ্টিয়া তালতলা এলাকার মঞ্জুর আলমের ছেলে।

মাহমুদুলকে গ্রেফতারের সময় হাসান (২২) নামের তার এক সহযোগী পালিয়ে যায়। সে ক্ষুদ্র কুষ্টিয়া গ্রামের আপাল উদ্দিনের ছেলে বলে পুলিশ জানিয়েছে। শাজাহানপুর থানার ওসি মো. আশিক ইকবাল জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/181732