বেস্ট ফ্রেন্ড সাফার জন্মদিন, শুভেচ্ছায় যা বললেন তৌসিফ মাহবুব

বেস্ট ফ্রেন্ড সাফার জন্মদিন, শুভেচ্ছায় যা বললেন তৌসিফ মাহবুব

বিনোদন ডেস্ক: ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাফা কবিরের জন্মদিন আজ। বিশেষ এই দিনে পরিবার, বন্ধু ও ভক্তদের ভালোবাসা ও শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন তিনি। তবে জন্মদিন উপলক্ষে অভিনেতা তৌসিফ মাহবুবের দেওয়া বিশেষ শুভেচ্ছাবার্তা আলাদাভাবে নজর কেড়েছে নেটিজেনদের।

সাফা কবির ও তৌসিফ মাহবুবের বন্ধুত্ব শোবিজ অঙ্গনে বেশ পরিচিত। দীর্ঘদিনের এই বন্ধুত্বকে তারা নিজেরাই ‘বেস্ট ফ্রেন্ড’ হিসেবে অভিহিত করেন। একই সময়ে শোবিজে পথচলা শুরু করা এই দুই তারকা একসঙ্গে বেশ কিছু কাজও করেছেন।

সাফার জন্মদিনে তার সঙ্গে একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন তৌসিফ। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘বেস্ট ফ্রেন্ডের জন্মদিনে উইশ করা আমার কাছে সবচেয়ে কঠিন কাজগুলোর একটা। ঠিক এমনই একটা দিন আজ। কোথা থেকে শুরু করব, কোথায় শেষ করব, কিছুই বুঝতে পারছি না। এত কিছু বলার আছে, অথচ কোনো কথাই যথেষ্ট মনে হচ্ছে না। তাই ভাবলাম, এই না-বুঝতে পারাটাই ক্যাপশন করে দিই।’

শুভেচ্ছাবার্তার শেষ দিকে সাফার প্রতি ভালোবাসা প্রকাশ করে তৌসিফ লেখেন, ‘শুভ জন্মদিন সাফা কবির। তুই নিশ্চয়ই জানিস, আমি তোকে কতটা ভালোবাসি দোস্ত।’

তৌসিফের এই আবেগঘন শুভেচ্ছা বেশ পছন্দ হয়েছে ভক্ত-নেটিজেনদের। পোস্টটি প্রকাশের মাত্র ছয় ঘণ্টার মধ্যেই এতে প্রায় ৬৫ হাজার প্রতিক্রিয়া পড়ে। পাশাপাশি মন্তব্যের সংখ্যাও ছাড়িয়ে যায় সাড়ে ছয় হাজার।

উল্লেখ্য, বিজ্ঞাপনচিত্র দিয়ে শোবিজে কাজ শুরু করেন সাফা। এরপর ২০১৩ সালে আদনান আল রাজীবের ‘অ্যাট ১৮ অল টাইম দৌড়ের উপর’ টেলিছবির মাধ্যমে অভিনয়ে অভিষেক ঘটে তার। একই টেলিফিল্ম দিয়ে নাটকে এসেছিলেন তৌসিফও।

এরপর থেকে নিয়মিত নাটকে অভিনয় করে যাচ্ছেন সাফা। করেছেন একাধিক স্বল্পদৈর্ঘ্য ছবি ও ওয়েব সিরিজ। এছাড়া একটি ওয়েব সিনেমাও করেছেন অভিনেত্রী। সর্বশেষ সাফাকে দেখা গেছে এস আর মজুমদারের ‘অবাক ভালোবাসা’ নাটকে। জুনে মুক্তি পাওয়া এ নাটকে তার সহশিল্পী মুশফিক ফারহান।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/181726