পল্লবীতে মরদেহের গোসলখানা নির্মাণ নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ
রাজধানীর পল্লবীর বিহারি ক্যাম্পে মৃতদেহ গোসল করানোর ঘর নির্মাণকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত সমর্থিত দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় গুলি চালানো ও ককটেল বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে।
আজ শনিবার (২৯ আগস্ট) বিকেল ৪টার পর পল্লবীর তালাব ক্যাম্পের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, তালাব ক্যাম্পের ১১ নম্বর ব্লকের ৪ নম্বর লাইনে মৃতদেহ গোসল করানোর ঘর নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের বিরোধের সূত্রপাত হয়। এক পক্ষের নেতৃত্বে ছিলেন বিএনপির সমর্থক সাদাকাত খান ফাক্কু। অন্য পক্ষে ছিলেন জামায়াত সমর্থিত মানিক ও সুমন।
বাসিন্দাদের ভাষ্য, মানিক ও সুমনের নেতৃত্বে ক্যাম্পে মৃতদেহ গোসল করানোর ঘর নির্মাণের কাজ চলছিল। এতে বাধা দেন ফাক্কুর অনুসারীরা। একপর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় গুলি ও ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। ঘটনাস্থলে গুলির খোসাও পড়ে থাকতে দেখা গেছে।
পুলিশ জানায়, স্থানীয় জামায়াত কর্মী মানিকের নেতৃত্বে প্রায় ৫০ থেকে ৬০ জন এবং বিএনপিপন্থী সোহেল ও বিহারি সংগঠনের নেতা সাদাকাত খান ফাক্কুর নেতৃত্বে ২০০ থেকে ২৫০ জনের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের মধ্যে পাঁচটি ফাঁকা গুলি ছোড়ার ঘটনা ঘটেছে।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বশির বলেন, ‘এ ঘটনায় এখন পর্যন্ত কেউ কোনো লিখিত অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ দিলে আমরা আইনানুগ ব্যবস্থা নেব।’
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/181724