হেফাজতের আপত্তিকে চাপ নয়, গঠনমূলক পরামর্শ হিসেবে দেখছি : ধর্ম প্রতিমন্ত্রী

হেফাজতের আপত্তিকে চাপ নয়, গঠনমূলক পরামর্শ হিসেবে দেখছি : ধর্ম প্রতিমন্ত্রী
ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়া গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব না দেওয়ার দাবি জানিয়েছিল হেফাজতে ইসলাম বাংলাদেশ। তাকে ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়ার সিদ্ধান্তকে পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছিল সংগঠনটি।
 
তবে হেফাজতে ইসলামসহ কয়েকটি ইসলামী সংগঠনের আপত্তিকে চাপ হিসেবে দেখছেন না ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন। তিনি বলেছেন, “এসব আপত্তি ও পরামর্শকে তারা গঠনমূলকভাবে দেখছেন।” 
 
আজ শনিবার (২৯ আগষ্ট) দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ির আল-জামেয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসার মহাপরিচালক ও হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ধর্ম প্রতিমন্ত্রী। 
 
হেফাজতের সঙ্গে তার দূরত্বের বিষয়ে জানতে চাইলে শামীম কায়সার লিংকন বলেন, “আমি এটিকে দূরত্ব মনে করি না। আমাদের মধ্যে যত যোগাযোগ বাড়বে, ততই এই ব্যবধান কমে আসবে।” 
 
ধর্ম প্রতিমন্ত্রী বলেন, “ধর্ম মন্ত্রণালয়ের মতো দায়িত্বে এর আগে আমি ছিলাম না। তাই দেশের ওলামা, পীর-মাশায়েখদের সঙ্গে কথা বলা, তাঁদের পরামর্শ নেওয়া এবং তাঁদের চিন্তাভাবনার প্রতিফলন ঘটানোর বিষয়কে আমরা গুরুত্ব দিচ্ছি।” 
 
হেফাজতে ইসলামসহ কয়েকটি ইসলামী সংগঠনের আপত্তির বিষয়ে শামীম কায়সার লিংকন বলেন, “এগুলোকে আমরা চাপ হিসেবে দেখি না; বরং গঠনমূলক পরামর্শ হিসেবে দেখি। এ ধরনের পরামর্শ ও চাপ আমাদের ওপর থাকা উচিত। কারণ, এগুলো আমাদের আরও দায়িত্বশীল ও সচেতনভাবে কাজ করতে উৎসাহিত করে।” 
 
তিনি আরও বলেন, “রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন বিষয়ে যে পরামর্শ, চাপ বা জনআকাঙ্ক্ষার প্রতিফলন সরকারের কাছে আসে, সেগুলোকে চাপ হিসেবে না দেখে গঠনমূলক পরামর্শ হিসেবে দেখা উচিত। এসব বিষয়কে গুরুত্ব দিয়ে এগিয়ে যাওয়া জরুরি, যাতে সরকারের মাধ্যমে কোনো ভুলত্রুটি না হয়।
হেফাজতে ইসলামের নায়েবে আমির ও হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী পুত্র মুফতি আইয়ুব বাবুনগরী বলেন, “শনিবার দুপুরে ধর্ম প্রতিমন্ত্রী মাদ্রাসায় এসে হেফাজতে ইসলামের আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তার দোয়া নেন।”
 
তিনি বলেন, “সাক্ষাৎকালে ধর্ম প্রতিমন্ত্রী জানিয়েছেন, ওলামা-মাশায়েখদের সঙ্গে নিয়ে তিনি ধর্ম মন্ত্রণালয় পরিচালনা করতে চান। তিনি কোনো বিশেষ গোষ্ঠীর ধর্ম প্রতিমন্ত্রী নন, বরং সবার ধর্ম প্রতিমন্ত্রী। সবার সঙ্গে মিলেমিশে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেছেন তিনি।” 
 
উল্লেখ্য, গত শুক্রবার (২১ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে শামীম কায়সার লিংকনকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব না দেওয়ার দাবি জানিয়েছিল হেফাজতে ইসলাম। সংগঠনটির প্রচার সম্পাদক মুফতী কিফায়াতুল্লাহ আজহারী ওই বিবৃতিতে এ দাবি জানান।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/181690