মোহাম্মদপুর থেকে ৩ ছিনতাইকারী গ্রেপ্তার

মোহাম্মদপুর থেকে ৩ ছিনতাইকারী গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুর থানাধীন মোহাম্মদীয়া হাউজিং এলাকা থেকে তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এ সময় তাদের কাছ থেকে একটি সামুরাই উদ্ধার করা হয়েছে।

আজ শনিবার (২৯ আগস্ট) র‍্যাব-২-এর উপ-পরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. রফিকুল ইসলাম ওরফে রাফাত চকদার, মো. হানিফ হোসেন ওরফে জয় ও মো. চাঁন মিয়া।

র‍্যাব জানিয়েছে, শনিবার সকালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মোহাম্মদীয়া হাউজিং এলাকায় র‍্যাব-২-এর একটি আভিযানিক দল তাদেরকে গ্রেপ্তার করে। তারা ‘কবজি কাটা আনোয়ার গ্রুপ’ ও ‘আই ডোন্ট কেয়ার মোহাম্মদপুর গ্রুপে’র সক্রিয় সদস্য।

র‍্যাব-২-এর উপ-পরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস জানান, গ্রেপ্তার তিনজন পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে মোহাম্মদপুর এলাকায় ছিনতাই, দস্যুতা, ডাকাতি ও মাদক কারবারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছিল।

তিনি আরও জানান, গ্রেপ্তার রফিকুল ইসলাম ওরফে রাফাত চকদারের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় দস্যুতা ও ডাকাতির প্রস্তুতির দুটি এবং আদাবর থানায় ডাকাতির একটি মামলা রয়েছে। হানিফ হোসেন ওরফে জয়ের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় দস্যুতা, ডাকাতির প্রস্তুতি, হত্যাচেষ্টা ও ভয়ভীতি প্রদর্শনের তিনটি, দ্রুত বিচার আইনে একটি এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে। এ ছাড়া তিনটি মামলার চার্জশিটে তিনি অভিযুক্ত এবং তার বিরুদ্ধে দুটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এর আগে, তিনি আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তিনবার গ্রেপ্তারও হয়েছিলেন।

র‍্যাবের তথ্য অনুযায়ী, চাঁন মিয়ার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় দস্যুতা ও মাদকের দুটি এবং আদাবর থানায় ডাকাতির একটি মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/181684